বিপাশার বদলে সানি লিওন!
শুট আউট অ্যাট ওয়াডালা’র কেন্দ্রীয় চরিত্রে সাবেক প্রেমিক জন অ্যাব্রাহামের উপস্থিতির কারণে কিছুতেই বিপাশাকে মানাতে পারেননি ছবির প্রযোজকেরা। বিপাশার এমন সিদ্ধান্তে পোয়াবারো হয়েছে সানির। আইটেম গানের পাশাপাশি ওই ছবির ‘চিত্রা’ চরিত্রে অভিনয়ের সুযোগ মিলেছে তাঁর। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মুক্তিপ্রতীক্ষিত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবিতে বিপাশা বসুকে নেওয়ার সব রকম চেষ্টাই চালিয়েছিলেন ছবির প্রযোজকেরা। কিন্তু বিপাশা অভিনয় করবেন না জানিয়ে দেওয়ায় কপাল খুলেছে সানি লিওনের। বিপাশার পরিবর্তে এখন নেওয়া হয়েছে সানি লিওনকে। সঞ্জয় গুপ্ত পরিচালিত ছবির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ‘জিসম ২’খ্যাত নবাগত এ তারকাকে। এ ছবির মাধ্যমে আইটেম গানের সঙ্গে প্রথমবারের মতো সম্পৃক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মডেল ও বলিউডের অভিনেত্রী সানি লিওন। আহমেদ খানের নির্দেশনায় ‘লায়লা’ শিরোনামের গানে সানির সঙ্গে নাচতে দেখা যাবে জন অ্যাব্রাহাম ও তুষার কাপুরকে। ‘রাগিণী এমএমএস ২’ ছবির শুটিংয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সানি। তাঁর হাতে সময় খুব কম। এ জন্য ছবির সেটে মধ্যাহ্নভোজের বিরতির সময় কোরিওগ্রাফার আহমেদ খানের তত্ত্বাবধানে আইটেম গানটির জন্য মহড়া দিতে হচ্ছে তাঁকে।