বিপাশার মনের মানুষ ব্র্যাড পিট!
জন অ্যাব্রাহামের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে একাই আছেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসু। তাঁকে জড়িয়ে বলিউডপাড়ায় জোর গুঞ্জন—কার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি? নাকি কারও সঙ্গে বাঁধতে যাচ্ছেন ঘর? বিপাশা বসু সম্প্রতি মিড-ডেকে জানিয়েছেন, এখনো তিনি মনের মানুষের দেখা পাননি। অন্তত ব্র্যাড পিটের মতো একজনকে পেলেও তিনি আর দেরি করবেন না। বলিউডের অভিনেত্রী কারিনা কাপুর, বিদ্যা বালান এরই মধ্যে গাঁটছড়া বেঁধেছেন। তাই এবার বিপাশা বসুকে ঘিরে তৈরি হয়েছে বিয়ের গুজব। বিপাশা তাঁর মনের মানুষ সম্পর্কে জানিয়েছেন, তাঁকে দেখতে যে খুব আহামরি হতে হবে তা নয়, বরং তাঁর মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। ব্র্যাড পিটের মতো কেউ হলেই সবচেয়ে ভালো হয়। বলিউডের নায়িকা কারিনা কাপুর, বিদ্যা বালানের বিয়ে সম্পর্কে বিপাশা বলেন, ‘ওরা ওদের মনের মানুষ পেয়ে গেছে বলেই আর দেরি করেনি। আমি ওদের বিয়েতে খুশি হয়েছি। কিন্তু আমার মনের মানুষের দেখা এখনো পেলাম না। তবে আমার এত তাড়াহুড়ো নেই।’