বিপাশার স্বপ্নপূরণ

আইটেম কন্যা হিসেবেই ‘ওয়ার্নিং’, ‘বিগ বস’, ‘ব্ল্যাক মানি’, ‘লাভ ম্যারেজ’, ‘রাজা বাবু’সহ ঢালিউডের একাধিক ছবিতে দেখা গেছে বিপাশাকে। কিন্তু এবার আর আইটেম কন্যা নয়, নায়িকা হিসেবেই আসছেন ঢাকাই ছবির এই আইটেম কন্যা।
এ প্রসঙ্গে বিপাশা বলেছেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চলচ্চিত্রের নায়িকা হব। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি খুব আনন্দিত।’
‘গুন্ডামি’ ছবির নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এই ছবিতে অভিনয়ের মাধ্যমেই ঢাকার ছবির নায়িকা হিসেবে বড়পর্দায় আসছেন বিপাশা। ছবির পরিচালক সাইমন তারেক জানিয়েছেন, আগামী ১১ মার্চ দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি মিলবে ছবিটির।
আইটেম কন্যা থেকে নায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেকের প্রাক্কালে রোমাঞ্চিত বিপাশা।
বিপাশা বলেন, ‘শখের বশেই আইটেম গানের জন্য নাচতে গিয়েছিলাম। কিন্তু দর্শকেরা আমাকে এমনভাবে নিয়েছেন যে আর বের হতে পারিনি।’ দর্শকের কাছে বিপাশার চাওয়া, নায়িকা হিসেবে প্রথম ছবিতেও যেন দর্শকেরা তাঁকে একইভাবে গ্রহণ করেন।
নায়িকা হিসেবে কাজ শুরু করেছেন। আর কোনো আইটেম গানে নাচবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘নায়িকা হিসেবে কাজ শুরু করার পর নয়টি ছবিতে আইটেম গানের জন্য প্রস্তাব এসেছিল। আমি রাজি হইনি।’ তবে তিনি বলেছেন, ‘যদি খুব ভালো ছবি হয়, তাহলে দু-একটি ছবিতে কাজ করতেও পারি।’
‘গুন্ডামি’ ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন শাহ রিয়াজ। এ ছাড়া এই ছবির অভিনয়শিল্পীরা হলেন কাজী হায়াত, রিনা খান প্রমুখ।