
অভিনয়শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া বিপাশা হায়াতের আরেকটি বড় পরিচয় তিনি চিত্রশিল্পী। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। গুলশানের চিত্রশালা বেঙ্গল আর্ট লাউঞ্জে তিনি গতকাল হাজির হয়েছেন স্মৃতির রাজ্য নিয়ে। ‘স্মৃতির রাজ্যে’ বা ‘রি-আল্মস অব মেমোরি’ তাঁর চতুর্থ একক প্রদর্শনী।
শনিবার সন্ধ্যায় ২১ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, কথাসাহিত্যিক ও চিত্রসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম। উদ্বোধনীতে শিল্পী ছাড়াও বক্তব্য দেন আর্ট লাউঞ্জের পরিচালক নওশীন খায়ের। উপস্থিত ছিলেন অভিনেতা পরিচালক আবুল হায়াত, তৌকীর আহমেদ, আফজাল হোসেন, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।
প্রদর্শনীতে স্থান পেয়েছে মোট ৩৬টি চিত্রকর্ম। এর মধ্যে রয়েছে ২৮টি পেইন্টিং ও আটটি ড্রইং। তিন সপ্তাহব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ২৯ আগস্ট।