বিপাশারা নেই, ওদের খুব মিস করেছি

৬০ বছরের বেশি বিনোদন অঙ্গনের সঙ্গে আছেন আবুল হায়াত। শুরুতে শখ ও ভালোবাসা থেকে করলেও একটা সময় অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। মঞ্চ ও টেলিভিশন নাটকের পাশাপাশি অনেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। মঞ্চ ও টেলিভিশনে নির্দেশনাও দিয়েছেন তিনি। আজ ৭৮ বছরে পড়লেন এই অভিনয়শিল্পী ও পরিচালক।

প্রশ্ন :

শুভ জন্মদিন। কত বছর পার করলেন?

ধন্যবাদ। ৭৭ বছর পেরিয়ে ৭৮ শুরু হলো।

কোনো এক সময়ে মালয়েশিয়া বেড়াতে যাওয়ার পথে অভিনেতা আবুল হায়াতের কোলে নাতাশা-শাহেদের ছেলে, এরপর বসে আছে বিপাশা-তৌকীরের ছেলে, শাহেদ শরীফ খান ও পাশে তাঁর মেয়ে, শিরিন হায়াত, বিপাশা-তৌকীরের মেয়ে, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, নাতাশা হায়াত (বাঁ থেকে)
ছবি : সংগৃহীত

প্রশ্ন :

এবারের জন্মদিনে আপনার বড় মেয়ে ছিল না...

ওরা তো এখন যুক্তরাষ্ট্রে। রাতে নাতাশা বাচ্চাদের নিয়ে এল। কেক কাটলাম। বিপাশারা নেই, ওদের খুব মিস করেছি। ভিডিও কলে উপস্থিত ছিল আরকি।

প্রশ্ন :

ফেলে আসা দিনের কথা ভাবলে কেমন লাগে?

নস্টালজিক হই। ভাবি, কত কী করতে চেয়েছি। অনেক কিছুই তো করা হয়নি। আরও অনেক কিছু করতে পারতাম।

আবুল হায়াত
সংগৃহীত

প্রশ্ন :

এই না করতে পারার আক্ষেপ থেকে সামনে কী করতে চান?

কাজের মধ্যে থাকতে চাই। মানুষের ভালো থাকার সেরা উপায় কাজের মধ্যে থাকা। যত বয়স হয়, মানুষের মধ্যে স্থবিরতা এসে যায়। ওটাকে কাটানোর জন্য কাজ করতে হবে। আমার পরিকল্পনা হচ্ছে, টেলিভিশনের কাজ কমিয়ে অন্য অঙ্গনের কাজ যদি করতে পারতাম।

প্রশ্ন :

কী সেটা?

মঞ্চে কাজ শুরু করতে চাই, আরও সময় দিতে চাই। এটা আমার এখনকার ইচ্ছা আরকি। নাটক ও টেলিছবির কাজ কমিয়ে দেব। সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। মঞ্চে অভিনয় ও পরিচালনা দুটোই করতে চাই। করোনা না হলে তো এত দিনে মঞ্চে নেমেই যেতাম। মহড়া শুরু করেও শেষ পর্যন্ত শুরুটা করা হয়নি। কোভিডের কারণেই হচ্ছে না আরকি।

আবুল হায়াত ও বিপাশা হায়াত

প্রশ্ন :

মঞ্চ ও টেলিভিশনের জন্য পরিচালক হিসেবে দেখা গেছে। চলচ্চিত্র বানানোর কোনো ইচ্ছা কি আছে?

এটা তো অনেক দিন ধরেই চাচ্ছি। কেন যেন হয়ে উঠছে না। চলচ্চিত্রের ভাবনা তো ৫-৬ বছর আগে থেকে তৈরি হয়ে আছে। একসময় (চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা) সাগর তো ব্ল্যাঙ্ক চেকও দিয়ে দিয়েছিল, ‘কবে শুরু করবেন, করেন।’ কিন্তু তখন টেলিমিডিয়াতে এতই ব্যস্ত ছিলাম যে সময় বের করতে পারিনি। এখন মনে হয়, যে কাজ করব, তার জন্য তো অনেক প্রস্তুতি লাগবে। একটা সিনেমার জন্য কমপক্ষে চার মাস তো সময় লেগে যায়।

প্রশ্ন :

কিন্তু আপনার তো একটা হলেও সিনেমা বানানো উচিত বলে অনেককে বলে থাকেন?

আমারও প্রবল ইচ্ছা আছে। অনেকগুলো গল্পও ঠিক করা আছে। আমার নিজের গল্প থেকেই প্রথম সিনেমা বানাব।

আবুল হায়াত ও মাহফুজা খাতুন শিরিন
ছবি : ফেসবুক

প্রশ্ন :

বিকল্পধারার নাকি পুরোপুরি বাণিজ্যিক সিনেমা বানাবেন?

পুরোপুরি বাণিজ্যিক বানাব না। আবার হাই থট করলাম, আমি বুঝলাম, অন্য কেউ বুঝল না, তেমনও বানাব না। আমি যেটা করব, সেটা যেন সবাই দেখে বলে, আমাদেরই গল্প বলেছে, এমন কিছু বানাতে চাই। ডিজিটাল স্পিডের গল্প করার আমার কোনো ইচ্ছা নেই। একেবারে প্রেমের গল্প করার ইচ্ছাও নেই। প্রযোজকেরাও এখন ভিন্নধর্মী সিনেমা বানানোতে ভীষণ আগ্রহী। দেখা যাক।