বিপিএল উদ্বোধনীতে আজ সাত তারকার নাচ
আজ ১৭ জানুয়ারি সন্ধ্যায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসর। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে নানা আয়োজনের সঙ্গে বাংলাদেশের সাত জনপ্রিয় নৃত্যশিল্পীর সাতটি পরিবেশনা থাকবে। সাতটি পরিবেশনায় অংশ নেবেন মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুন, নাদিয়া ও মম। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুণ, নাদিয়া ও মমরা দেশের সাতটি বিভাগের জনপ্রিয় লোকগানের সঙ্গে নৃত্য পরিবেশনায় অংশ নেবেন। প্রতিটি নাচের ব্যাপ্তিকাল দুই থেকে আড়াই মিনিট। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জনপ্রিয় এই সাত নৃত্যশিল্পীর কোরিওগ্রাফির দায়িত্বে আছেন কবিরুল ইসলাম রতন।মম বলেন, ‘ বিপিএলের মত এত বড় আসরের মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে ভালোই লাগছে। এমনিতে নাচ নিয়ে অসংখ্যবার বিদেশে গিয়েছি। অনেক বড় আয়োজনে অংশ নিয়েছি। দেশের মাটিতে অনেক বড় আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগাটা কাজ করছে বেশি।মৌ, মোনালিসা, রিয়া, চাঁদনী, নিপুণ, নাদিয়া ও মম নাচ ছাড়াও এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিন দেশের তারকাশিল্পীরা। মঞ্চে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা, জেমস ও মমতাজ ছাড়াও থাকবেন বলিউডের মার্ডার ২ ছবির আলোচিত অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আর পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজ পারফর্মারের চেয়েও গুরুত্ব দেওয়া হয়েছে অ্যাক্রোবেটিক ও লেজার শোর ওপর।বিকেল পাঁচটা ১০ মিনিটে বিউটিফুল বাংলাদেশ প্রামাণ্যচিত্রের মাধ্যমে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে পাঁচটায় মঞ্চে উঠবেন মমতাজ। এরপর পর্যায়ক্রমে মঞ্চে আসবেন রুনা লায়লা, জেমস, জ্যাকুলিন ফার্নান্দেজ ও আতিফ আসলাম।অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনা চৌহান ও জামিল আহমেদ। চ্যানেল নাইন বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিকেল পাঁচটা থেকে।