বিপুল ভট্টাচার্য স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা ষ প্রথম আলো
বিপুল ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা ষ প্রথম আলো

মিলনায়তনভর্তি দর্শক। কিন্তু ছায়ানট ভবনের অন্ধকার সেই সুবিশাল কক্ষটিতে দর্শকের মাঝে কোনো সাড়াশব্দ নেই। পর্দায় তখন চলছিল মুক্তির গান। সমবেত দর্শক তন্ময় হয়ে দেখছিলেন সেই ছবি, কান পেতে শুনছিলেন সেই ছবির একের পর এক গান।
ছবি শেষে নীরবতা ভাঙল দর্শকের। কয়েকজন শিল্পী মঞ্চে গিয়ে সমবেতভাবে গাইলেন, ‘বল বল বল রে সবাই বল রে বাঙালির জয়’। পর্দায় তখন বিপুল ভট্টাচার্যের নানা রকমের প্রতিকৃতি।
গতকাল শুক্রবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠযোদ্ধা, বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সক্রিয় সদস্য, সদ্য প্রয়াত বিপুল ভট্টাচার্যের স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট।
ছোট পরিসরের আয়োজন। অনুষ্ঠানের শুরুতে ছায়ানটের লোকসংগীত বিভাগের এই শিক্ষককে নিয়ে ছিল সংক্ষিপ্ত আলোচনা। এতে অংশ নেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও জিয়াউদ্দীন তারিক আলী।
বক্তারা বলেন, বিপুল ভট্টাচার্য আমাদের সংস্কৃতি জগতের অতি আপনজন। কণ্ঠ ছিল বিপুলের সম্পদ। সেই সম্পদ নিয়ে তিনি যোগ দিয়েছিলেন মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থায়। অন্যান্য শিল্পীর সঙ্গে তিনি শরণার্থী শিবির ও মুক্তাঞ্চল ঘুরে বেড়িয়েছেন। গান শুনিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। এটিও কম বড় কাজ নয়। দেশের খ্যাতিমান এই লোকগীতিশিল্পী নিজে বহু গান করেছেন, তেমনি ছায়ানটের শিক্ষার্থীদের শিখিয়েছেন।
বক্তারা আরও বলেন, বিপুল ভট্টাচার্য অনেক বড় মনের একজন মানুষ এবং অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন। সবাইকে আপন করে নেওয়ার অন্য রকম ক্ষমতা ছিল তাঁর। ধর্মীয় গোঁড়ামি একদম পছন্দ করতেন না তিনি।
দর্শকের অপেক্ষা ছিল বাঙালির মুক্তির যুদ্ধে গান দিয়ে লড়াইয়ের দলিল মুক্তির গান চলচ্চিত্রের জন্য। ছবির প্রায় পুরো অংশজুড়ে ছিল বিপুল ভট্টাচার্যের উপস্থিতি। মাঝে মাঝে পর্দার গানের সঙ্গে কণ্ঠও মেলান সমবেত দর্শকেরা। ছবি শেষে ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘বল বল বল রে সবাই বল রে বাঙালির জয়’ গানটি।
মঞ্চে ‘কণ্ঠনালীতে সূর্য’
ঢাকার মঞ্চে নতুন নাটক নিয়ে এল তিরন্দাজ নাট্যদল। মোহিত চট্টোপাধ্যায়ের রচনা থেকে কণ্ঠনালীতে সূর্য শিরোনামের নাটকটির নির্দেশনা দিয়েছেন রাজীব দে। তিরন্দাজের এই তৃতীয় প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হয় গতকাল শুক্রবার সন্ধ্যায়। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।
নাটকের কাহিনিতে হঠাৎ এক আগন্তুকের উপস্থিতি অদ্ভুত ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কারণ, ওই আগন্তুকের কণ্ঠনালিতে আটকে আছে সূর্য। বহুকাল ধরে তিনি তা বহন করছেন। আগন্তুক তা বের করতে চান অথবা হূৎপিণ্ডে চিরকালের জন্য রেখে দিতে চান। সে যেন সৃষ্টির বিবর্তনের প্রতীক হয়ে দাঁড়ায়। মানুষ যেন অনাদিকালের সুন্দরকে বয়ে চলেছে কণ্ঠনালিতে। এই মানুষটি যখন ধীরে ধীরে মানবীয় রূপ থেকে কুকুরে পরিণত হয়, তখন জেগে ওঠে মানবিক অস্তিত্বের সংকট।
জন্ম হয় নানা প্রশ্নের। তবে কি এই যান্ত্রিক নগরসভ্যতা, পুঁজিবাদী আস্ফাালন কিংবা ধর্মান্ধতা অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছে মানুষকে?
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন দীপক সুমন, মিতালি দাস, শফিকুল ইসলাম, শরীফ অভী, কাজী তৌফিকুল ইসলাম, তাপস কুমার, মানস মৃধা ও সোহাগ তালুকদার।