বিপুল ভট্টাচার্যের জন্য গান
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য। একদিন পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে লড়াই করেছেন এই কণ্ঠসৈনিক। দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হিসেবে কণ্ঠে তুলে নিয়েছিলেন গান। এখন ফুসফুসে ক্যানসারের সঙ্গে নিত্য বসবাস তাঁর। রোগের সঙ্গে লড়ছেন বেঁচে থাকার জন্য। প্রয়োজন অনেক টাকার। তাই তাঁর চিকিৎসা-সহায়তায় এগিয়ে আসছেন বন্ধু, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তিনি ছায়ানটে গান শেখাতেন। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর চিকিৎসা-সহায়তায় সংগীতানুষ্ঠানের আয়োজন করে ছায়ানট।ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠান শুরুর আগে দেশাত্মবোধক গানের সঙ্গে যন্ত্রশিল্পীরা তবলা, বেহালা ও কিবোর্ড বাজাচ্ছিলেন। বাদন শেষে মঞ্চে আসেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম। তিনি বলেন বিপুল ভট্টাচার্যের প্রতি ছায়ানটের দরদের কথা। সুস্থ হয়ে ফিরে এসে বিপুল আবার কণ্ঠে তুলে নেবেন পল্লিসংগীত, এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এরপর গান শোনাতে আসেন শিল্পী ডালিয়া নওশিন। প্রথমেই নজরুলসংগীত ‘সৃজন ছন্দে আনন্দে, নাচ নটরাজ’। শেষ করেন ‘আধো রাতে যদি ঘুম ভেঙে যায়’ গানটি দিয়ে। এরপর মঞ্চে আসেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী তিমির নন্দী। তাঁর ছোটবেলার বন্ধু বিপুল ভট্টাচার্যের প্রতি ভালোবাসা প্রকাশ ও রোগমুক্তি কামনা করে গেয়ে শোনান ‘এ আমার জীবন ধোয়া শ্রেষ্ঠ পরিচয়’ গানটি।অনুষ্ঠানে আলোচনা করেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ। গানে ও কথায় প্রকাশ পায় দেশের জন্য লড়ে যাওয়া শিল্পীর প্রতি ভালোবাসা।এরপর পর্যায়ক্রমে রূপা খান, মালা খান, বুলবুল মহলানবীশ, সুজেয় শ্যাম, কল্যাণী ঘোষ, শাহীন সামাদ, চন্দনা মজুমদার ও খায়রুল আনাম গান গেয়ে শোনান। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় অসুস্থ শিল্পীর সাহায্যার্থে আয়োজিত এই আয়োজন।‘ডুবসাঁতার’-এর উদ্বোধনী প্রদর্শনীচ্যানেল আই প্রযোজিত নতুন চলচ্চিত্র ডুবসাঁতার-এর উদ্বোধনী প্রদর্শনী হলো গতকাল। শনিবার সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ সরণির চ্যানেল আই ভবনে চলচ্চিত্রটি দেখানো হয় আমন্ত্রিত দর্শকদের।ডুবসাঁতার চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্র রেণু নামের এক তরুণী। সংসারের কষ্টকর বাস্তবতায় ঢাকা পড়ে আছে রেণুর স্বপ্ন, সংবেদনশীলতা। তার পরও রেণুর জীবনে আসে প্রেম। সব দিক সামাল দিতে রেণু হিমশিম খায়। তবু হাল ছাড়ে না সে। অনেক বিপন্নতার মধ্যেও প্রতিমুহূর্তেই সংগ্রাম করে যায়। রেণু ভেঙে পড়ে, কিন্তু শেষ হয়ে যায় না। তার ফের পথচলা শুরু করতে হয় সংসারের প্রয়োজনে।ডুবসাঁতার চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নুরুল আলম। এই ছবিতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক, জয়া আহসান, শেহজাদ চৌধুরী, অমোক ব্যাপরী, শ্রাবস্তী দত্ত প্রমুখ।৯২ মিনিটের এই চলচ্চিত্র চ্যানেল আইতে প্রচার করা হবে ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায়।আলাওল সাহিত্য পুরস্কার-২০০৯ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা কবিতা, উপন্যাস ও ছোটগল্প-বিষয়ক গ্রন্থে আলাওল সাহিত্য পুরস্কার-২০০৯ দেবে। প্রতিটি পুরস্কারের অর্থমান পাঁচ হাজার টাকা, সঙ্গে থাকবে সংস্থার মনোগ্রামখচিত একটি ফলক। সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাহিত্যের এই তিনটি শাখায় ১ মার্চ ২০০৩ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০০৯ পর্যন্ত বাংলাদেশে প্রথম সংস্করণ হিসেবে প্রকাশিত বই পুরস্কারের জন্য বিবেচিত হবে।প্রতিটি বইয়ের ছয়টি কপি ২১ নভেম্বরের মধ্যে সাধারণ সম্পাদক, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, জাস্টিস ইব্রাহিম রোড, ফরিদপুর-৭৮০০ ঠিকানায় পাঠাতে হবে।