বিপুল ভট্টাচার্যের জন্য সতীর্থ শিল্পীদের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্র, মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র মুক্তির গান-এর শিল্পী বিপুল ভট্টাচার্যের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ শিল্পীরা। তাঁর চিকিৎসায় সহযোগিতা করার জন্য আয়োজন করেছেন সংগীতানুষ্ঠানের। ১১ অক্টোবর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। অনুষ্ঠানে আরও থাকছে তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত মুক্তির গান ছবির বিশেষ প্রদর্শনী।অনুষ্ঠানটির অন্যতম আয়োজক তারেক মাসুদ বলেন, ‘বিপুল ভট্টাচার্যকে সহযোগিতা করার পাশাপাশি এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে এসে দাঁড়াতে চেয়েছি। অনেকেই বিচ্ছিন্নভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু বিপুলের চিকিৎসার জন্য বড় অংকের অর্থের প্রয়োজন। তাই এই আয়োজন।’তিনি আরও বলেন, ‘অনেক শিল্পীই অসুস্থ হচ্ছেন। তাঁদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হচ্ছে। আমি মনে করি, এর জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থায়ী তহবিল গঠন করা যেতে পারে। তাহলে সব শিল্পীই আর্থিক সহযোগিতার সুবিধা পাবেন।’তিনি জানান, সোমবারের অনুষ্ঠানে মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার সদস্য ছাড়াও গান করবেন অর্ণব, আনুশেহ, কৃষ্ণকলি, সজীবসহ আরও অনেক শিল্পী।বিপুল ভট্টাচার্য ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে এখন চিকিৎসাধীন রয়েছেন। সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক মাসুদ বলেন, অনুষ্ঠানের দিন মিলনায়তনের সামনে বিশেষ অনুদানের মাধ্যমে যে কেউ শুভেচ্ছা টিকিট ক্রয় করতে পারেন। এ ছাড়া সবার জন্য টিকিটের দাম ১০০ টাকা।