বিপুল ভট্টাচার্যের পাশে সতীর্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময়ে গান নিয়ে তিনি ঘুরে বেড়িয়েছিলেন মাইলের পর মাইল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বিপুল ভট্টাচার্যের গাওয়া গান মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। শরণার্থী শিবিরের হাজার হাজার মানুষের মনে সাহস সঞ্চার করেছিলেন তিনি। সেই স্বনামধন্য লোকসংগীতশিল্পী বিপুল ভট্টাচার্য কয়েক মাস ধরে ফুসফুসের ক্যানসার রোগে আক্রান্ত। তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন সতীর্থ শিল্পীরা। চিকিৎসায় সহযোগিতা করার জন্য আয়োজন করা হয়েছে সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের মঞ্চের পেছনে পর্দায় বিশাল আকৃতির ব্যানারে ছিল বাংলাদেশের পতাকা। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকার সামনে শিল্পী বিপুল ভট্টাচার্যের মুখাবয়ব এবং তরুণ বয়সের বিপুল, যখন তিনি কণ্ঠকে অস্ত্র বানিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির আন্দোলনে। পর্দার সামনে ছিলেন নবীন-প্রবীণ শিল্পীরা। সোমবার বিকেলে এমন পরিবেশে আয়োজন করা হয় সংগীত পরিবেশনা ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানের প্রথম পর্বে মুক্তির গান চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে গান শোনান বিপুল ভট্টাচার্যের সহশিল্পীরা। সহশিল্পীরা প্রথমেই সমবেত কণ্ঠে গাইলেন ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। এরপর এই আয়োজনে একে একে গাইলেন শিল্পী শাহীন সামাদ, খুরশীদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী, তিমির নন্দী, সাদিয়া আফরিন মল্লিক, খায়রুল আনাম, কৃষ্ণকলি ইসলাম প্রমুখ।আলোচনায় অংশ নেন তারেক মাসুদ, লুবনা মরিয়ম, তারেক আলী, স্বপন চৌধুরী প্রমুখ। পুরো আয়োজনের অর্জিত অর্থ তুলে দেওয়া হবে বিপুল ভট্টাচার্যের উন্নত চিকিৎসার জন্য।বিপুল ভট্টাচার্যের পাশে রেডিও ফুর্তি: এদিকে কণ্ঠশিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছে রেডিও ফুর্তি। রেডিও ফুর্তির প্রধান আর্থিক কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ বিপুল ভট্টাচার্যের চিকিৎসা সহায়তার জন্য এক লাখ টাকার চেক তাঁর হাতে তুলে দেন।রাঙামাটিতে চিত্রকর্ম প্রদর্শনীরাঙামাটি থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা ৪৫টি চিত্র নিয়ে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) ছাত্রছাত্রীদের চিত্র প্রদর্শনী। গতকাল প্রদর্শনী উদ্বোধন করেন চাকমা রাজা দেবাশীষ রায়। তিনি বলেন, সমতলে বরেণ্য ব্যক্তিরা রাঙামাটিতে এসে কাজ করলে এখানকার মানুষ তা দেখে উৎসাহিত হবে।ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী ও চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা।ভৈরবে বিপ্লবী চে স্মরণ ভৈরব থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, চির বিপ্লবী চে গুয়েভারা স্মরণে ভৈরবে গতকাল সোমবার আলোচনা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে তা চলে বিকেল চারটা পর্যন্ত।সংগঠনের সভাপতি রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম, জিল্লুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সায়িদ, শিক্ষাবিদ আতাউর রহমান, রাজনীতিবিদ আবু তাহের প্রমুখ।