বিপুল ভট্টাচার্যের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে
বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা এবং মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল মুক্তির গান-এর শিল্পী বিপুল ভট্টাচার্যের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান লোকশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। মুঠোফোনে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতা নিয়ে উন্নত চিকিত্সার জন্য সম্প্রতি বিপুল ভট্টাচার্য গিয়েছিলেন ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে। সেখানকার চিকিত্সক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বিপুল ভট্টাচার্যকে জানান, তাঁর ফুসফুসে ক্যানসার হয়েছে। খবরটি মুঠোফোনের মাধ্যমে মুম্বাই থেকে বিপুল ভট্টাচার্য আমাকে জানিয়েছেন।’ ইন্দ্রমোহন রাজবংশী জানান, বিপুল ভট্টাচার্য আজ শুক্রবার দেশে ফিরছেন। তিনি আরও বলেন, ‘এই দেশ স্বাধীন হওয়ার পেছনে যাঁদের অবদান রয়েছে, বিপুল ভট্টাচার্য তাঁদের একজন। তাঁর জন্য আমাদেরও কিছু করণীয় আছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সতীর্থ শিল্পী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলাপ করেছি।’