বিপুল ভট্টাচার্যের মৃত্যুতে সহযোদ্ধাদের প্রতিক্রিয়া

তিন বছর ধরে ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ শুক্রবার সকাল নয়টা ২৫ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্য। ধানমন্ডির আহমদ মেডিকেল সেন্টারে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গুণী এই শিল্পীর মৃত্যুতে তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধারা। তেমনি কয়েকজনের প্রতিক্রিয়া তুলে ধরা হল এখানে...
ইন্দ্রমোহন রাজবংশী: বিপুল ভট্টাচার্যদের মতো মানুষেরা বারবার জন্ম নেয় না। এ ধরনের প্রতিভা একবারই জন্ম নেয়। দুঃখজনক হলেও সত্য, চরম অবহেলা ও অনাদরে বিপুল ভট্টাচার্যের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের একটি অসম্ভব উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছে। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের মেধাবী এই কণ্ঠশিল্পীকে রাষ্ট্রীয়ভাবে কোনোরূপ সম্মান দেখানো হয়নি। সরকারি ও বেসরকারিভাবে যদি বিপুল ভট্টাচার্যের মতো মানুষদের সম্মান দেখানো যেত, তা হলে দেশ এবং সমাজও অনেক বেশি আলোকিত হতো। আজকের সময়ে মূল্যবোধের যে অবক্ষয় সে সময়টাতে বিপুল ভট্টাচার্যের মতো মানুষদের প্রয়োজনটা অনেক বেশি। তাঁর মৃত্যুতে বাংলাদেশে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁর আরও অনেক কিছুই দেবার ছিল।
সুজেয় শ্যাম : স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের মাধ্যমে একজন শব্দসৈনিক হিসেবে বিপুল ভট্টাচার্যের অবদানের কথা সবাই জানেন। সবচেয়ে বড় বিষয় হলো, বিপুল ভট্টাচার্য অনেক বড় মনের একজন মানুষও ছিলেন। সুস্থ অবস্থায় সব সময় সবার খোঁজখবর নিতেন। অত্যন্ত বন্ধুবত্সল ছিলেন বিপুল। সবাইকে আপন করে নেওয়ার অন্যরকম ক্ষমতা ছিল তাঁর। অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে এত দ্রুত যে তিনি এভাবে চলে যাবেন, সেটা কল্পনা করিনি।
তিমির নন্দী: মুক্তিযুদ্ধের সময় কণ্ঠযুদ্ধে বিপুল আমার সহযোদ্ধা ছিলেন। আমার একজন বন্ধুও তিনি। ১৯৬৯ সালে ইস্ট পাকিস্তান প্রতিযোগিতায় পল্লি গানে আমি হয়েছিলাম দ্বিতীয় আর বিপুল প্রথম। সেই থেকে আমাদের পরিচয় এবং বন্ধুত্ব। একজন সংগীতশিল্পী হিসেবে দেশের জন্য তাঁর অবদান সবার জানা। বিপুলের মতো লোকগানও খুব কম মানুষই গেয়েছে। আবদুল আলীম ছিলেন একজন, আরেকজন আমাদের বিপুল ভট্টাচার্য। বিপুলের মৃত্যুতে আমরা হারালাম এ দেশের ইতিহাসের একজন সাক্ষীকে। খুব খারাপ লাগছে বিপুলের পৃথিবী থেকে চলে যাওয়া আর এই সময়ে আমি ঢাকার বাইরে। গত বৃহস্পতিবার রাতে বিপুলকে নিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল। অনেক আগে থেকেই ও অসুস্থ। অসুস্থ হওয়ার পরপরই ওকে নিয়ে বিটিভি ও দেশ টিভিতে অনুষ্ঠান করেছিলাম। সব সময় চেষ্টা করেছি কিছু একটা করতে।
ফকির আলমগীর: স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কিংবা লোকগানের অন্যতম শিল্পী নয়, বিপুল ভট্টাচার্য হলেন বাংলার হিরো। তার চেতনার মূলে ছিল গণসংগীত। একই চেতনা নিয়ে আমরা গান করেছি। আমরা অনেক জনপদে গান গেয়েছি। বিপুল সব সময় প্রগতি ও অসাম্প্র্রদায়িকতার পক্ষে কাজ করেছে। তাঁর মতো একজন বড় মাপের শিল্পীকে কোনো রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হয়নি—বিষয়টি খুবই মর্মান্তিক। বিভিন্ন সংগঠন তাঁকে পুরস্কার দিলেও, রাষ্ট্রীয়ভাবে তাঁকে পুরস্কৃত করা হয়নি। সাড়ে তিন বছর তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। প্রচারবিমুখ একজন মানুষ ছিলেন তিনি। প্রচারমাধ্যমের সামনে খুব একটা আসতেন না। কাজ করে যেতেন। তার চলে যাওয়ায় সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
চন্দনা মজুমদার : বিপুল ভট্টাচার্য স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী হিসেবে যেমন কাজ করে গেছেন, ঠিক তেমনি স্বাধীনতা-পরবর্তী সময়ে ফোক গানকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। এত দরাজ কণ্ঠস্বরের ফোক গানের শিল্পী আমি আমার জীবনে দেখিনি। কিন্তু সব সময় বেশ আড়ালে থাকতে পছন্দ করতেন তিনি। গান তিনি করে গেছেন নিজের জন্য, মানুষের জন্য। তাঁর মৃত্যুতে লোকসংগীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।