বিপুল শাহ-এর 'ভঙ্গুরতায় পথচলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম
বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম

শিল্পী বিপুল শাহ-এর ৭ম একক প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে, উত্তরার গ্যালারি কায়ায়। ওই প্রদর্শনীর শিরোনাম ছিল ‘ভঙ্গুরতায় পথচলা’। মাঝে অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিলেও একক প্রদর্শনী আর হয়নি এ শিল্পীর। ৮ বছর পর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারি চলছে শিল্পীর ৮ম একক প্রদর্শনীর আয়োজনের প্রস্তুতি।

বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম
বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম

‘ভঙ্গুরতায় পথচলা-২’ শিরোনামের প্রদর্শনীটি আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার লা গ্যালারিতে শুরু হবে ১১ মার্চ শুক্রবার, সন্ধ্যা ৬টায়। প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে জানা গেছে, ওই দিন অনুষ্ঠানটিতে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন শিল্পী হামিদুজ্জামান খান এবং শিল্পী আবুল বারক আলভী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত জানাবেন আলিয়ঁস ফ্রঁসেস দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস।
কথা হলো শিল্পীর সঙ্গে। ছিলেন গ্যালারিতেই। প্রস্তুতির কাজ তদারকি করছিলেন তিনি। জানালেন, গত কয়েক বছরই ভাবছিলেন একক প্রদর্শনীর করার কথা। কিন্তু হয়ে উঠছিল না। শেষমেশ ৮ বছরের কাজ থেকে ৩০টি চিত্রকর্ম বাছাই করে আগের প্রদর্শনীর ধারাবাহিকতায় ‘ভঙ্গুরতায় পথচলা-২’ চূড়ান্ত করেছেন।

বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম
বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম

গ্যালারি ঘুরে এই ৩০টির মধ্য থেকে বেশ কয়েকটি ছবি দেখি। রং-রেখার খেলাতো আছেই, পাশাপাশি তাঁর ক্যানভাসে উঠে এসেছে অতি সাধারণ মরচে পড়া টিন, ভাঙা জানালা, শেওলা জমা দেয়াল, পোকায় খাওয়া কাঠ ইত্যাদি। ছবিগুলো বিমূর্ত, আধাবিমূর্ত। তবে খুব সহজেই বোঝা যায় ছবিগুলো। শিল্পীর আবেগ, অভিজ্ঞতায় অসাধারণরূপে প্রকাশিত হয় ক্যানভাসে। যা দেখে বোঝা যায় যাপিত জীবনে সমাজ, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ আর নানা বাস্তবতার চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলা সময়ে পথ চলতে চলতে সমাজের নানা অভিজ্ঞতা প্রতিদিন জমা হয় শিল্পীর অবচেতনের মহাফেজখানায়।
প্রদর্শনীর বিষয়বস্তু নিয়ে নিজের ব্যাখ্যায় শিল্পী বলেন, নাগরিক জীবনের যে সভ্যতা আমরা দেখছি, তা আসলে ইট পাথরের সভ্যতা। কিন্তু মানবিক, মানসিক থেকে আমরা প্রতিনিয়ত ভঙ্গুর আর ক্ষয়িষ্ণুতার মধ্য দিয়ে এগোচ্ছি। যত দিন যাচ্ছে, শিশু হত্যা বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে। এই বিষয়টি ভঙ্গুরতায় পথচলায় এসেছে।
তবে কাজের মধ্যে বৈপরীত্য আছে। কিছু কাজে দর্শক পাবে স্বপ্ন আর দুঃস্বপ্নের সংঘাত। কিছু কাজ দেখে মনে হবে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে সম্পর্কযুক্ত করে এগিয়ে যেতে চান সামনের দিকে। ভেঙেচুরে গড়ে উঠতে চান নতুন মানুষ হয়ে, আরেক শিল্পী হয়ে। শিল্পীর ভাষায়, ‘আমি চাই এই ভাঙা গড়ার মধ্যে নতুন কিছু দেখতে।’

বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম
বিপুল শাহ–এর কয়েকটি চিত্রকর্ম

শিল্পচর্চায় নিয়মিত হয়েও একক প্রদর্শনীতে এত দীর্ঘ বিরতি কেন জানতে চাইলে শিল্পী বলেন, ‘এ আট বছরে চারুকলার ছবির হাঁট, গণজাগরণ মঞ্চসহ দেশ ও পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী অনেক ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। তাই প্রদর্শনীটি করা হয়ে ওঠেনি।’
শিল্পী বিপুল শাহ ১৯৬৭ সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ সম্পন্ন করেন। দেশে এবং বিদেশে তিনি এর আগে ৭টি একক ও অনেক দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন।