
সমাজ, প্রকৃতি, পরিবেশ-প্রতিবেশ আর নানা বাস্তবতার চড়াই-উতরাই পেরিয়ে এগিয়ে চলে সময়। পথ চলতে চলতে সমাজের নানা অভিজ্ঞতা প্রতিদিন জমা হয় শিল্পীর মানসে। এখানে জমা হওয়া অতি সাধারণ বিষয়ও শিল্পীর আবেগ, অভিজ্ঞতায় অসাধারণ রূপে প্রকাশিত হয় শিল্পের নানা মাধ্যমে আঁকা শিল্পকর্মে। শিল্পী বিপুল শাহও এর ব্যতিক্রম নন। আর এ কারণেই শিল্পী তাঁর চলার পথের নানা উপাদান আর অভিজ্ঞতাকে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে যুক্ত করে এগিয়ে যেতে চান সামনের দিকে। ভেঙেচুরে গড়ে উঠতে চান নতুন মানুষ হয়ে, আরেক শিল্পী হয়ে।
এই নতুন মানুষ আর আরেক শিল্পী হওয়ার বাসনায় অভিজ্ঞতার আলোকে সমাজের অতি সাধারণ বিষয়কে নতুন মাত্রা যোগ করে শিল্পে তুলে ধরার প্রয়াসে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন শিল্পী বিপুল শাহ। শিল্পীর সেই সব কাজের মধ্য থেকে বাছাই করে ৩০টি শিল্পকর্ম নিয়ে গতকাল থেকে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারি’তে শুরু হলো অষ্টম একক চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘ভঙ্গুরতায় পথচলা-২’।
শুক্রবার সন্ধ্যায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এ প্রদর্শনীর যৌথভাবে উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান এবং শিল্পী আবুল বারক আলভী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত।