বিপৎসংকেতের মাঝেই শুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকে কাজের ফাঁকে সুমাইয়া শিমু, মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ঊর্মিলা
বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকে কাজের ফাঁকে সুমাইয়া শিমু, মোশাররফ করিম, ফারুক আহমেদ ও ঊর্মিলা

গত শনিবার থেকে প্রায় পুরো সপ্তাহ কুয়াকাটায় ছিল তিন নম্বর বিপৎসংকেত। কিন্তু উপায় নেই। সামনেই ঈদ। শিল্পীরা এখন মহাব্যস্ত। আবার নতুন করে তাঁদের সময় পাওয়া একেবারেই সম্ভব না। তাই বিপৎসংকেত উপেক্ষা করেই শুটিং করতে হবে। ঝোড়ো হাওয়া আর বৃষ্টি। সাগর উত্তাল। তার মধ্যেই বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকের শুটিং হলো। ঈদে সাত পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রচারিত হবে এনটিভিতে।

পরিচালক রেদওয়ান রনি জানান, ২০১১ সালে ঈদের জন্য তিনি তৈরি করেছিলেন ধারাবাহিক নাটক বিহাইন্ড দ্য সিন। ওই নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। তাঁদের নিয়েই তৈরি হলো বিহাইন্ড দ্য ট্র্যাপ নাটকটি। দুই বন্ধু এবার কুয়াকাটা অভিযানে বের হয়। ঘটনাচক্রে তারা গ্রাম্যরাজনীতির সঙ্গে জড়িয়ে যায়। এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা। এ দুই বন্ধুর সঙ্গে আছেন সুমাইয়া শিমু ও ঊর্মিলা।

রনি জানান, গত সপ্তাহে তিনি নাটকটির শুটিং করেছেন সদরঘাট, পটুয়াখালী আর কুয়াকাটায়। আরও অভিনয় করেছেন মম মোর্শেদ, মাজনুন মিজান, মিঠু, কচি খন্দকার, সাব্বির, নাদিয়া নদী প্রমুখ।