বিবার আসবেন ভারতে?

শুরুতেই বলে নেওয়া ভালো, খবরটি এখনো নিশ্চিত নয়। জাস্টিন বিবারের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, কনসার্টের তালিকায় ভারতের নাম নেই। সুতরাং বিবার ভারত আসছেন, সেটা এখনই বিশ্বাস করে ফেলার কোনো কারণ নেই। তবে সূত্র জানাচ্ছে, ভারতে সরাসরি একটি অনুষ্ঠানে গাইতে চান কানাডীয় এই তরুণ শিল্পী। দিন-তারিখ পাকা হয়নি।
কিছুদিন আগেই ভারতে গাইতে গিয়েছিল বিখ্যাত ব্রিটিশ রক গানের দল কোল্ড প্লে। সেখানে হাজির হয়েছিলেন বলিউডের খ্যাতিমান সব তারকা ও সেলিব্রিটি। ওই অনুষ্ঠানের পর ভারতীয় আয়োজকদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। তাঁরা ভাবতে শুরু করেছেন, দেশটিতে আন্তর্জাতিক মানের সব অনুষ্ঠান করতে পারলে খারাপ কী? শিল্পীরাও ভারতকে নিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে। মুম্বাই মিরর জানিয়েছে, মে মাসে ভারতে গাইতে আসতে পারেন জাস্টিন বিবার। এ ধরনের বড় অনুষ্ঠানের ব্যবস্থাপক শৈলেন্দ্র সিংয়ের কাছে এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। তিনি এখনই মন্তব্য করতে চাননি।
বিবার যে শুধু তরুণদের প্রিয় তারকার তালিকায় আছেন তা-ই নয়, গেল বছর ‘সরি’ গানের জন্য আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে সেরা ভিডিওর পুরস্কার পেয়েছেন তিনি। সেরা ড্যান্স রেকর্ডিং গানের জন্যও জিতেছেন গ্র্যামি পুরস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে