বিবার-ব্রাউনের দোস্তি
নানা অঘটন ঘটিয়ে ‘কন্ট্রোভার্সি ম্যাগনেট’ খেতাব পেয়েছেন মার্কিন গায়ক ক্রিস ব্রাউন। আর শুরুতে সব ঠিকঠাক থাকলেও ২০১৩ সালে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। সম্প্রতি সখ্য বেড়েছে বিতর্কিত এ দুই তারকার। ‘বেবি’ টিন তারকা জাস্টিন বিবার গতকাল মঙ্গলবার একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে, বিবারের গলা জড়িয়ে ধরে আছেন তাঁর বিতর্কিত নতুন বন্ধু ২৪ বছর বয়সী রিদম অ্যান্ড ব্লুজ গায়ক ক্রিস ব্রাউন। জানিয়েছে ইয়াহু নিউজ। ছবিটি দেখার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের মন্তব্য, ক্রিসের মতো বিতর্কিত বন্ধু জুটিয়ে বিবার নিজের পায়ে কুড়াল মেরেছেন। ক্রিসের সঙ্গে সখ্য গড়ে আরেকটি ভুল পদক্ষেপ নিলেন তিনি। এমনিতেই বছরটা ভালো যাচ্ছে না তাঁর। প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে বিচ্ছেদ, উঠতি গায়িকা এলা ক্লার্ককে ঘিরে স্ক্যান্ডালসহ সম্প্রতি বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শকদের দুয়োধ্বনি পেয়েছেন ১৯ বছর বয়সী এ গায়ক। সম্প্রতি বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাইলস্টোন পুরস্কার নিতে মঞ্চে উঠে নিদারুণ বিব্রতকর অবস্থায় পড়েন কিশোর বিবার। তাঁকে স্বাগত জানানোর পরিবর্তে আসনে বসে দুয়োধ্বনি দিতে থাকে দর্শক। তাঁদের এমন আচরণে আহত বিবার বলে ওঠেন, ‘আমি কখনোই খ্যাতির পেছনে দৌড়াইনি। মনে-প্রাণে আমি একজন শিল্পী।’ বিবারের এমন বক্তব্য শুনে দুয়োধ্বনির মাত্রা আরও বেড়ে যায়। অপমানিত বিবারের দুঃখ কিছুটা কমানোর জন্য মঞ্চের পেছনে অপেক্ষা করতে থাকেন প্রেমিকা সেলেনা গোমেজ। সেখানে যাওয়ার পর বিবারকে আলতো করে চুমুও দেন তিনি। প্রসঙ্গত, সম্পর্ক ভেঙে যাওয়ার তিন মাসের মাথায় গত এপ্রিলে আবার একে-অন্যের জীবনে ফেরেন বিবার-সেলেনা।