বিবারকে বন্ধু মাইলির সুপরামর্শ!

ইদানীং উল্টা-পাল্টা নানা কীর্তি ঘটিয়ে ঘন ঘন খবরের শিরোনাম হচ্ছেন ‘টিন সেনসেশন’ জাস্টিন বিবার। সর্বশেষ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে গালাগাল দিয়ে মুখরোচক খবরের জোগান দিয়েছেন ১৯ বছর বয়সী কানাডীয় এ পপ গায়ক। এসব কারণে আপাতত ছুটি নিয়ে তাঁকে মিডিয়ার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিলেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী মাইলি সাইরাস।
চলতি মাসের শুরুর দিকে বিবারের অদ্ভুত এক কীর্তির ভিডিও ফাঁস করে দেয় ‘টিএমজি’। ভিডিওচিত্রে দেখা গেছে, নিউইয়র্কে একটি রেস্তোরাঁর রান্নাঘরে কয়েকজনের সঙ্গে ছোটাছুটি করছেন বিবার। সেখান থেকে বের হওয়ার সময় বিল ক্লিনটনের একটি ছবিতে স্প্রে করে তাঁকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ‘বেবি’ তারকা বিবার। বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর তিনি ফোন করে ক্লিনটনের কাছে ক্ষমাও চান।
মাইলির সঙ্গে বিবারের বন্ধুত্ব অনেক দিনের। গত মাসে দুই বছরের প্রেমিকা সেলেনা গোমেজের সঙ্গে বিবারের চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তিনি মাইলিকে পটানোর চেষ্টা করছেন বলেও খবর চাউর হয়েছিল। এবার প্রিয় বন্ধু বিবারকে ছুটি নেওয়ার পরামর্শ দিয়ে খবরের শিরোনামে এলেন ২০ বছর বয়সী এ পপ গায়িকা।
মাইলি মনে করছেন, কিছু দিনের জন্য ছুটি নেওয়া উচিত বিবারের। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি বিবারকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলেছি। সারা বিশ্বে যখন কারও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে, তখন তাঁর পেছনে লাগার মানুষের অভাব হয় না। প্রতিটি মুহূর্তে তাঁর দিকে হাজার হাজার চোখ সতর্ক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাঁর কোনো অস্বাভাবিক কর্মকাণ্ড চোখে পড়লেই তা ক্যামেরাবন্দী করে ফাঁস করে দেওয়া হয়। বিবার হয়তো স্রেফ মজা করার জন্য কিছু একটা করেছে। কিন্তু বিষয়টি ফাঁস করে দেওয়া হয়েছে তাঁর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়েই।’
সম্প্রতি মার্কিন মুলুকের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ব্রিটনি স্পিয়ার্সও বিবারকে জ্ঞানগর্ভ পরামর্শ দিয়েছেন। বিবারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘খ্যাতির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিবারের অনেক বেশি সতর্ক থাকা উচিত।’