বিবারের নানা বিড়ম্বনার লন্ডন কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান হয়ে মঞ্চে ধপাস, হাসপাতালে ছুটসহ পাপারাজ্জির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেও শেষতক ‘টিন সেনসেশন’খ্যাত পপ গায়ক জাস্টিন বিবারের লন্ডন কনসার্টের পর্দা নামল।নানা বিড়ম্বনা সত্ত্বেও মঞ্চ পরিবেশনা স্থগিত না করে নিজের পেশাদার পরিচয়ই তুলে ধরলেন মাত্র ১৯ বছর বয়সী এ তারকা সংগীতশিল্পী। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও ৮ মার্চ শুক্রবার রাতে লন্ডনের ওটু এরিনায় আয়োজিত কনসার্টে মঞ্চ পরিবেশনায় ঠিকই অংশ নিয়েছেন বিবার। ‘বিলিভ’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে লন্ডনে পরপর চারটি কনসার্টে গান গাইলেন তিনি। এক খবরে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এর আগে গত ৭ মার্চ বৃহস্পতিবার মঞ্চ পরিবেশনার এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যান বিবার। সঙ্গে সঙ্গে তাঁকে মঞ্চের পেছনে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট অনুভব করায় তাঁকে অক্সিজেন দেন কর্তব্যরত চিকিত্সকরা। প্রয়োজনীয় চিকিত্সা শেষে মাত্র ২০ মিনিট বিরতির পর আবার মঞ্চে ওঠেন বিবার। একে একে সব গান পরিবেশন শেষে সোজা চলে যান হাসপাতালে। এদিকে গতকাল শুক্রবার এক পাপারাজ্জির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আবার খবরের শিরোনাম হন বিবার। একটি ভ্যান থেকে বেরিয়ে পাপারাজ্জির দিকে তেড়ে যান তিনি। পরে অজ্ঞাত ওই আলোকচিত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। ঘটনার সময় রয়টার্সের ক্যামেরায় ধরাও পড়েছেন বিবার। পরে এই ঘটনা সম্পর্কে বিবার তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘কঠিন একটা সকাল পার করলাম। রাতের কনসার্টের জন্য নিজেকে ভালো রাখার চেষ্টা করছিলাম। কিন্তু পাপারাজ্জিদের যন্ত্রণায় সেটা কী আর সম্ভব! আমার সেরা ছবিটি তোলার জন্য পাপারাজ্জিরা সারাদিন ক্যামেরা নিয়ে পেছনে ঘুরঘুর করলে মেজাজ কী আর ঠিক থাকে!’ বিবার আরও লিখেছেন, ‘আজ সকালে ওই পাপারাজ্জি জোর-জবরদস্তি করে ছবি তোলার চেষ্টা করেই ক্ষান্ত হয়নি, চিত্কার করে উলটা-পালটা নানা মন্তব্যও ছুঁড়ে দিয়েছে। এজন্য নিজেকে আর সামলে রাখতে পারিনি। সবকিছু ছাপিয়ে আমিও যে একজন মানুষ সেটা যেন কেউ বুঝতে চায় না। সত্যিই কঠিন একটা সপ্তাহ পার করলাম আমি।’