বিবারের প্রায় অর্ধেক টুইটার অনুসারী ভুয়া!
বর্তমানে কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবারের টুইটার অনুসারীর সংখ্যা ৩৭ মিলিয়ন। কিন্তু এবার বোধ হয় ‘টুইটার রাজা’ তকমাটা আর ধরে রাখতে পারছেন না তিনি। কারণ, বিবারের এই বিপুলসংখ্যক টুইটার অনুসারীর অর্ধেকই ভুয়া বলে দাবি করেছে ‘সোশ্যাল বেকারস’ নামের একটি প্রতিষ্ঠান। টুইটার, গুগল প্লাস, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে নানা পরিসংখ্যান প্রকাশ করে ‘সোশ্যাল বেকারস’। সম্প্রতি প্রতিষ্ঠানটি দাবি করেছে, বিবারের মোট ৩৭ মিলিয়ন টুইটার অনুসারীর মধ্যে ১৬ দশমিক ৭ মিলিয়ন অনুসারীর অ্যাকাউন্ট ভুয়া কিংবা শূন্য। এ ছাড়া, বিবারের ২ দশমিক ৬ মিলিয়ন টুইটার অনুসারী সক্রিয় নন। জানিয়েছে ‘দ্য টেলিগ্রাফ’।সবচেয়ে বেশিসংখ্যক অনুসারী নিয়ে আড়াই বছর ধরে টুইটারে রাজত্ব করেছিলেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। কিন্তু আরও বেশি অনুসারী জুটিয়ে চলতি বছরের জানুয়ারিতে লেডি গাগাকে হটিয়ে শীর্ষে উঠে আসে ‘টিন সেনসেশন’খ্যাত জাস্টিন বিবারের নাম।