
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি চ্যানেল ফিউজ বলছে, সময়টা এখন জাস্টিন বিবারের। বাতাসে কান পাতলে বিবার ছাড়া আর কিছুই শোনা যায় না!
এমন মন্তব্যের হেতু কী? এটা বোঝার জন্য মাত্র কয়েকটি পরিসংখ্যান তুলে ধরেছে ফিউজ—
১. বিশ্বখ্যাত বিটলস ব্যান্ডের ৫১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে বিবারের নতুন অ্যালবাম পারপাস। এক সপ্তাহ ধরে বিলবোর্ড ম্যাগাজিনের সবচেয়ে হিট ১০০ গানের তালিকায় শীর্ষে রয়েছে বিবারের গান। এর আগে ১৯৬৪ সালে এমন একটি রেকর্ড করেছিল বিটলস। তখন বিটলসের ১৪টি গান ছিল বিলবোর্ডের তালিকার শীর্ষে। আর এবার বিলবোর্ড প্রকাশিত ১০০ হিট গানের তালিকার প্রথম ১৮টি গানের ১৭টিই বিবারের নতুন অ্যালবামের!
২. মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে শুধু যুক্তরাষ্ট্রেই পারপাস বিক্রি হয়েছে ৫ লাখ ২২ হাজার কপি!
এসব তথ্যের সঙ্গে যোগ করে নিন সম্পূরক আরও কিছু তথ্য। যেমন এই অ্যালবামের প্রথম গান ‘হোয়াট ডু ইউ মিন’ প্রকাশিত হয় গত ২৮ আগস্ট। এরপর গানটি টানা তিন সপ্তাহ ধরে (১৯ সেপ্টেম্বর পর্যন্ত) বিলবোর্ডের টপ চার্টে এক নম্বরে ছিল।
অ্যালবামের দ্বিতীয় গান ‘স্যরি’ প্রকাশিত হয় ২২ অক্টোবর। এটিও টানা তিন সপ্তাহ (১৪ নভেম্বর পর্যন্ত) বিলবোর্ড চার্টের শীর্ষে ছিল।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন, ফিউজ কেন ও রকম মন্তব্য করেছে। সত্যিই বাতাসে বিবার ছাড়া আর কিছু নেই। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদন জানাচ্ছে, বিবার-ঝড়ে উড়ে গেছেন জনপ্রিয় পপ গায়িকা টেলর সুইফট ও অ্যাডেলে। এ জন্য নাকি তাঁদের খানিকটা মনও খারাপ। কারণ, এত দিন জনপ্রিয়তার দৌড়ে তাঁরাই ছিলেন এগিয়ে।
তবে পারপাস অ্যালবামের গান শুনে কারও মন খারাপ হওয়ার কারণ নেই। সুইফট-অ্যাডেলে তো বটেই, যেকোনো মানুষ হাসবেন, এমনটাই মনে করেন ২২ বছর বয়সী বিবার। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘গানগুলো মানুষকে হাসাবে। যে একবার গানগুলো শুনবে, আমি নিশ্চিত করে বলতে পারি, সে আনন্দিত হবেই।’
হুমম, বিবারের গান শুধু আনন্দই দেয় না, অনুপ্রেরণাও দেয়। তরুণ এ গায়কের সাবেক প্রেমিকা সেলেনা গোমেজ বলেছেন, ‘সুখে-দুঃখে সব সময়ই বিবারের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং সান্ত্বনা পেয়েছি। এবার অনুপ্রেরণা পেলাম বিবারের অ্যালবাম থেকে!’
বটে! বিবারের অনুপ্রেরণা কে, তা অবশ্য জানা যায়নি। গত দুই বছর বিবার ছিলেন ঝড়ের পাখি। মুখে ছিল না হাসি। গানে ছিল না কাঙ্ক্ষিত সাফল্য, প্রেমিকা জানিয়েছিলেন বিদায়! এবার সব ঝড়-ঝাপটা কাটিয়ে নতুন ভোরের নাগাল পেয়েছেন বিবার। ভক্তরা তাঁর মুখে ফুটিয়েছেন হাসি। প্রেমিকার মুখ থেকে ঝরছে প্রশংসার ফুলঝুরি! সামনে কী অপেক্ষা করছে কে জানে!
এসব প্রশংসাপ্রাপ্তির মাঝখানে সামান্য নিন্দাও জুটেছে বিবারের কপালে। প্রার্থনার ভঙ্গিতে দাঁড়ানো বিবারের শরীরে ক্রুশ চিহ্নিত ট্যাটু লাগানো, এমন প্রচ্ছদের কারণে খানিকটা সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিষিদ্ধ হয়েছে পারপাস। শেষে অবশ্য ওই সব দেশের জন্য ভিন্ন প্রচ্ছদ করেছে পারপাস কর্তৃপক্ষ।
কানাডীয় শিল্পী জাস্টিন বিবারের চতুর্থ অ্যালবাম পারপাস। রিলিজ হয়েছে ১৩ নভেম্বর। আর রিলিজের পরপরই গোটা সংগীত-দুনিয়াকে বিবস করেছেন বিবার। ২০০৯ সালে মাই ওয়ার্ল্ড অ্যালবাম দিয়ে যাত্রা শুরু হয়েছিল এ তরুণ শিল্পীর। তখন কে জানত, মাত্র ছয় বছরের মধ্যেই সংগীত-দুনিয়ার একচ্ছত্র অধিপতি হবেন তিনি!
ফিউজ টিভি, বিলবোর্ড, ফরচুন ম্যাগাজিন ও ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে।