বিবারের মতো চেহারা পেতে লাখ ডলার খরচ করলেন এক ভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন বিবার
জাস্টিন বিবার

প্রিয় তারকাকে ভালোবেসে অনেক কিছুই করেন তাঁদের ভক্তরা। এবার ‘টিন সেনসেশন’ খ্যাত কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবারের অন্ধভক্ত গীতিকার টবি শেলডন অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বিরল নজিরই স্থাপন করলেন। সম্প্রতি এক খবরে হাফিংটনপোস্ট জানিয়েছে, বিবারের মতো চেহারা পেতে অস্ত্রোপচারের পেছনে লাখ ডলার খরচ করেছেন টবি।

লস অ্যাঞ্জেলেসের অধিবাসী ৩৩ বছর বয়সী টবি পেশায় একজন গীতিকার। তিনি ১৯ বছর বয়সী ‘বেবি’ তারকা জাস্টিন বিবারের বিশাল একজন ভক্ত। প্রিয় তারকার মতো চেহারা পেতে কয়েক দফা অস্ত্রোপচারের পেছনে সব মিলিয়ে এক লাখ ডলারেরও বেশি খরচ করেছেন টবি। তিনি প্লাস্টিক সার্জারির মাধ্যমে মুখ, ঠোঁট, চোখের পাতা এবং চোয়ালে পরিবর্তন আনার পাশাপাশি একাধিকবার হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশনও করিয়েছেন।

এ প্রসঙ্গে টবি শেলডনের ভাষ্য, ‘খ্যাতি অর্জনের পর বিবারের অসংখ্য ছবি প্রকাশিত হয়েছে। তাঁর চেহারা দেখার পর থেকেই আমি মনে মনে ভাবতাম, যেভাবেই হোক তাঁর মতো চেহারা পেতে হবে আমাকে। প্রথমে বিবারের মতো চুলের ছাঁট দিলাম। পরে ২১ হাজার ডলার খরচ করে তিনবার হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন করালাম।’

টবি আরও বলেন, ‘এরপর বিবারের মতো চেহারা পেতে প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নিলাম। তাঁর মুখাবয়বটা আমার এতই পছন্দ যে, অস্ত্রোপচারের মাধ্যমে চেহারায় সূক্ষ্ম কিছু পরিবর্তন আনার ব্যবস্থা করে ফেললাম।’

এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ সম্পর্কে টবি জানান, ‘বিবারের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আরও একটি কারণও অবশ্য আছে। আর তা হলো চেহারা থেকে বয়সের ছাপ মুছে ফেলা। বুড়িয়ে যাওয়া চেহারাকে আমি রীতিমতো ভয় পাই। চেহারায় বয়সের ছাপ পড়তে না দিয়ে বিবারের মতো তারুণ্যদীপ্ত একটি চেহারা ধরে রাখার স্বপ্ন পূরণ করতেই প্লাস্টিক সার্জারি করিয়েছি আমি। সব মিলিয়ে লাখ ডলারের ওপর খরচ হয়েছে আমার।’