বিবাহবার্ষিকীতে তারকাদের মিলনমেলা
বাসার বাইরে রাস্তার দুই ধারে গাড়িবহর। বাড়িজুড়ে আলোকসজ্জা। গানের শব্দ। অতিথিদের আড্ডায় আনন্দমুখর এক পরিবেশ। বাইরে থেকে উৎসুক মানুষের কৌতূহলী দৃষ্টি। কী হচ্ছে এই বাড়িতে?রাজ্জাকের ৫০তম বিবাহবার্ষিকী অনুষ্ঠান হচ্ছে এ বাড়িতে। বাড়ির মূল ফটকে ঢুকতেই দেখা গেল চলচ্চিত্র অঙ্গনের তারকাদের মিলনমেলা। রাজ্জাক আর তাঁর স্ত্রী লক্ষ্মীকে আবার নতুন করে দেখার জন্য সবাই উদগ্রীব।২ মার্চ ছিল রাজ্জাক-লক্ষ্মী দম্পতির ৫০তম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে এই দম্পতির সন্তানেরা আয়োজন করেন এই অনুষ্ঠানের। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন শবনম, আনোয়ারা, আলমগীর, ফারুক, ববিতা, রোজিনা, অঞ্জনা, চম্পা, অমিত হাসান, মিশা সওদাগর, কাজী মারুফ, স্বাগতাসহ আরও অনেকে। ছিলেন বরেণ্য নির্মাতারা। চাষী নজরুল ইসলাম, কাজী হায়াৎ, মুহম্মদ হান্নান, সালাউদ্দিন জাকী, আজিজুর রহমানসহ আরও অনেকে। সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে অনুষ্ঠান।