বিবিসি-ব্রিটিশ কাউন্সিলের রেডিও নাটক লেখার প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শুরু হয়েছে ‘২৫তম আন্তর্জাতিক রেডিও নাটক লেখা প্রতিযোগিতা’-র কার্যক্রম। প্রতিযোগিতাটির সহযোগিতায় রয়েছে কমনওয়েলথ রাইটারস এবং সহপ্রযোজনায় দ্য ওপেন ইউনিভার্সিটি। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাট্যকাররা অংশ নিতে পারবেন। ২০১৬ সালের ৩১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নাটকের স্ক্রিপ্ট বা ‘চিত্রনাট্য’ জমা দেওয়া যাবে।
প্রতিযোগিতায় বিজয়ী দু’জন লন্ডনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে তাঁদের নাটকের রেকর্ডিং প্রত্যক্ষ করার সুযোগ পাবেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিক ও লেখক জর্জি মারকোভ (১৯২৯-৭৮) স্মরণে আয়োজিত এই প্রতিযোগিতায় সংক্ষিপ্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রতিশ্রুতিশীল ‘চিত্রনাট্য’ পাবে ‘দ্য জর্জি মারকোভ পুরস্কার’। এ পুরস্কারের বিজয়ীও লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং বিবিসি রেডিও টিম ও বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে দুই সপ্তাহ থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক রেডিও নাটকের স্ক্রিপ্ট বা ‘চিত্রনাট্য’ লেখা প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে নবীন ও প্রতিষ্ঠিত সব চিত্রনাট্য-রচয়িতা তাঁদের চিত্রনাট্য জমা দিতে পারবেন। পাণ্ডুলিপি অনুযায়ী নাটকের দৈর্ঘ্য হতে হবে ৫৩ মিনিট। এর কাহিনি যেকোনো বিষয়ের ওপরই হতে পারবে।
বিস্তারিত জানা যাবে www.bbcworldservice.com/radioplay এই ওয়েবসাইটের মাধ্যমে। এনট্রি ফরম ডাউনলোড করে পূরণ করে সম্পূর্ণ চিত্রনাট্য ও সারাংশসহ ই-মেইল করতে হবে অথবা ডাকযোগে পাঠাতে হবে।
এ প্রতিযোগিতার সর্বশেষ খবর জানা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে। ফেসবুক ও টুইটারের #BBCPlay-এ হ্যাশটাগের মাধ্যমেও আলোচনায় যুক্ত হওয়া যাবে।