বিবিসির নাটকে চঞ্চল

‘মনপুরা ছবির পর গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এক ঘণ্টার কয়েকটি নাটকে কাজ করেছি। এবার তাঁর পরিচালনায় একটি ধারাবাহিকের কাজ করছি। আশা করছি, ভালো একটা কিছু দর্শকদের উপহার দিতে পারব।’ বললেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। বিবিসির প্রযোজনায় তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক উজান গাঙের নাইয়া। স্বাস্থ্যসচেতনতামূলক গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। প্রচারিত হবে বিটিভিতে।
চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘এর আগে গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এনেছি সূর্যের হাসি নামের একটি ধারাবাহিকের কাজ করেছিলাম। ওই নাটকটিও ছিল সচেতনতামূলক। উজান গাঙের নাইয়াও স্বাস্থ্যসচেতনতামূলক। এ ধরনের কাজের একটা মজা হলো, বিনোদনের পাশাপাশি দর্শকদের কিছু পরামর্শ দেওয়া যায়, যা দেখে দর্শকদের মধ্যে সচেতনতা তৈরি হয়। আর এটা তো আমাদের সামাজিক দায়িত্বও।’
নাটকটির ভাবনা প্রসঙ্গে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘বাল্যবিবাহ রোধ, নবজাতক সন্তানের যত্ন-আত্তিসহ বিভিন্ন বিষয় উঠে আসবে নাটকের গল্পে। উদ্দেশ্যটা সচেতনতা তৈরি হলেও নাটকের মধ্যে দর্শক একটা চমৎকার গল্প পাবেন। গতকাল শুক্রবার থেকে মানিকগঞ্জের কড়ইতলা আর নবগ্রাম এলাকায় নাটকটির শুটিং শুরু হয়েছে।’
নাটকে আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক, শিল্পী সরকার, স্পর্শিয়া, জুঁই, শ্যামল মাওলাসহ আরও অনেকে।