বিবেকানন্দ দাসের অ্যালবাম ধ্রুব
ছড়িয়ে-ছিটিয়ে থাকা জীবনে সুর বসানোর নির্ভরযোগ্য অনুপ্রেরণার মাধ্যমে যাত্রা শুরু হয় ধ্রুবের। সংগীতশিল্পী বিবেকানন্দ দাসের প্রথম একক বাংলা গানের অ্যালবাম ধ্রুব। নিজের কাছেই তাঁর প্রতিশ্রুতি, ‘কণ্ঠস্বরের চাহিদা অনুযায়ী মন চাইলে গান চলবেই।’ এমন প্রত্যাশা নিয়ে বের হয়েছে ধ্রুব।অ্যালবামে শিল্পীর নিজের লেখা কয়েকটি গানও আছে। আবার রয়েছে কবিতা থেকে গান। শিল্পী ছাড়াও এ অ্যালবামের গান লিখেছেন বেশ কয়েকজন। অমিত বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রানুষঙ্গে অন্যরকম কিছু বাংলা গানের এ অ্যালবামটি বের করেছে সুরাঞ্জলি অডিও সেন্টার।অ্যালবামে আমার শৈশব গানে যেমন আছে শৈশবের নানা কথা, তেমনি বাঁশির সুরে সুরে মেতে ওঠার কথাও রয়েছে শিল্পীর গানে। এ ছাড়া সুন্দর আগামী, মেঘে মেঘে, নীল ফানুসটা, জীবন এত ছোট নয়, প্রজাপতির পাখায় হরেক রং এমনই নানা কথায় রয়েছে ভিন্ন আঙ্গিকের বেশ কিছু গান। প্রতিদিনের পথচলায় পার করা জীবনের নানা কথায় জুড়ে থাকা কথাগুলো উঠে এসেছে শিল্পীর গানে। নিজের প্রথম অ্যালবামটি এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগে অংশগ্রহণকারী বন্ধুদের এবং বাংলাদেশের শিশু কিশোরদের উত্সর্গ করেছেন বিবেকানন্দ দাস।