বিভাস চক্রবর্তী ও সৈয়দ শামসুল হককে সম্মাননা দেবে থিয়েটার আর্ট ইউনিট
বাংলা নাটকের দুই কীর্তিমান পুরুষ বিভাস চক্রবর্তী ও সৈয়দ শামসুল হককে সম্মাননা দেবে থিয়েটার আর্ট ইউনিট। প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উপলক্ষে নাটকের এই দলটি আয়োজন করেছে ‘আন্তর্জাতিক নাট্যোৎসব’। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী জানান, ১১ দিনের এ উৎসবে অংশ নিচ্ছে ভারতের কলকাতার স্বপ্নসন্ধানী, মুর্শিদাবাদের ঋত্বিক ও রঙ্গাশ্রম, ভূপালের রং বিদূষক এবং নেপালের কাঠমান্ডুর মান্দালা থিয়েটার। বাংলাদেশের নাটকের দলগুলো হলো: থিয়েটার আর্ট ইউনিট, থিয়েটার (বেইলি রোড), সুবচন নাট্য সংসদ, আরণ্যক নাট্যদল, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট, পালাকার, থিয়েটারওয়ালা রেপার্টরি, সময়, সমন্বয়ক থিয়েটার, প্রাঙ্গণেমোর, সিএটি। থাকছে গান ও প্রদর্শনী। তিনি আরও জানান, উৎসবের নবম দিনে থিয়েটার আর্ট ইউনিট কোর্ট মার্শাল নাটকের ২০০তম মঞ্চায়ন করবে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে স্বপ্নসন্ধানীর নাটক ম্যাকবেথ। উৎসবের নাটকগুলো মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।