নকিয়া আয়োজিত জমিদারবাড়ির উত্তরাধিকার হিসেবে অভিষেক হলো শারমিন শীলার। চ্যানেল আইতে গত সোমবার রাতে প্রচারিত হলো রিয়ালিটি শো ‘উত্তরাধিকারী’র চূড়ান্ত অনুষ্ঠানটি। পুরস্কার হিসেবে শীলা পেয়েছেন ১০ লাখ টাকা। কথা হলো তাঁর সঙ্গে।জমিদারবাড়ির উত্তরাধিকার হিসেবে আপনার অভিষেক হলো। কেমন লাগছে?খুব ভালো লাগছে। আমি এই খেতাব জিততে পারব, তা কখনোই ভাবিনি। প্রতিযোগিতার শেষ মুহূর্তে যখন আমার নাম ঘোষণা করা হলো, তখন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কী করব—হাসব না কাঁদব, কী বলব, কী করা উচিত; কিছুই বুঝতে পারছিলাম না। আমি কিন্তু ভেবেছিলাম, এই খেতাবটা অন্য প্রতিযোগী ইমিই পেতে যাচ্ছেন। শিমুল পেলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু নিজেকে কখনোই ভাবিনি। এই প্রতিযোগিতা হয়েছে মহেরা জমিদারবাড়িতে। ওখানে কত দিন ছিলেন? আমি ছিলাম ২১ দিন। আয়োজকদের পক্ষ থেকে আমাকে যখন প্রস্তাব দেওয়া হলো, তখন কিন্তু রাজি হইনি। এত দিন বাসার বাইরে থাকতে হবে, মেয়ের সঙ্গে দেখা হবে না, কথা হবে না, কারও সঙ্গে কোনো যোগাযোগ করা যাবে না—এসব ভেবে যেতে চাইনি। পরে আরেক প্রতিযোগী দীপার অনুরোধে রাজি হলাম। উদ্দেশ্য, গিয়েই চলে আসব। কিন্তু শেষ পর্যন্ত আর আসতে পারিনি। বারবার বিভিন্ন রক্ষাকবচ আমাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে।ওখানে কীভাবে সময় কাটাতেন?বাইরের সঙ্গে তো আমাদের কোনো রকম যোগাযোগ ছিল না। যখন ছয়জন এবং পাঁচজন ছিলাম, তখনো বেশ মজা করেছি। প্রতিযোগিতার বাইরে আমাদের খেলার মধ্যে ছিল নাম-দেশ-ফুল-ফলের নাম বলা, চোর-ডাকাত-পুলিশ আর লুডু খেলা। কিন্তু যখন অন্যরা চলে গেল, আমি আর ইমি রয়ে গেলাম; তখন খুব খারাপ লেগেছে। বাড়ির পেছনে একটা বারান্দা ছিল। ওখানে যাওয়ার অনুমতি ছিল। ওখানে গিয়ে চুপিচুপি কাঁদতাম। পুরস্কার হিসেবে পেলেন ১০ লাখ টাকা। অনেক টাকা! কী পরিকল্পনা করছেন? এখনো কিছু ভাবিনি। অভিনয়ের পাশাপাশি পারলারের ওপর বিভিন্ন কোর্স করছি। সামনে উচ্চতর কোর্স করার জন্য দেশের বাইরে যাব। ফিরে এসে বিউটি পারলার দেওয়ার ইচ্ছা আছে। বিনোদন প্রতিবেদক