বিমান দুর্ঘটনায় ‘পা’ তারকা তারুণী নিহত
ভাগ্যের নির্মম ও নিষ্ঠুর পরিহাসের শিকার হলেন ‘পা’ ছবিতে অমিতাভের বন্ধুর চরিত্রে অভিনয় করা ১৪ বছর বয়সী শিশুশিল্পী তারুণী সাচদেব। নেপালে বিমান দুর্ঘটনায় ‘পা’ ছবির আলোচিত এই শিশুশিল্পী নিহত হয়েছে। গতকাল সোমবার নেপালে এক বিমান দুর্ঘটনায় নেপালে তারুণী সাচদেবের মা গীতা সাচদেবও নিহত হয়েছেন। যাত্রীবাহী এই বিমানে আরও ১৩ জন ভারতীয় নিহত হয়েছেন বলে জানা গেছে।ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘বিমানের ২১ জন যাত্রীর মধ্যে ১৬ জনই ভারতীয় নাগরিক। এদের মধ্যে যাদের জীবিত উদ্ধার করা হয়েছে, তাঁদের সবাইকে পোখারার একটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।জানা গেছে, বিজ্ঞাপনচিত্রের জন্য বলিউডে বেশ আলোচিত ছিল ১৪ বছর বয়সী তারুণী সাচদেব। ছবিতে অভিনয় ছাড়াও প্রায় ৫০টির মতো বিজ্ঞাপনচিত্রের কাজ করেছে তারুণী সাচদেব। রাসনার্গাল হিসেবেও তার একটা পরিচিতি ছিল। এই প্রতিষ্ঠানেরই একটি বিজ্ঞাপনে তারুণী সাসদেব অভিনয় করেছিল বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী কারিশমা কাপুরের সঙ্গে। তারুণীর এই অকালমৃত্যুতে গভীরভাবে শোকাহত কারিশমা কাপুর। এনডিটিভিতে দেওয়া এক শোকবার্তায় কারিশমা বলেন, ‘এটা সত্যিই খুবই হূদয়বিদারক একটি সংবাদ। যেটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তারুণী ছিল খুবই প্রাণোচ্ছল এক শিশু। এ ধরনের একটি সংকটময় মুহূর্তে তাঁর পরিবারকে আমার অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি।’এদিকে তারুণীর মৃত্যুতে অমিতাভ বচ্চন টুইটারের লিখেছেন, ‘নেপালের বিমান দুর্ঘটনায় তারুণীর এই খবরটা শোনার পর কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। স্রষ্টার কাছে প্রার্থনা করেছি, তিনি যেন এটাকে মিথ্যা সংবাদে পরিণত করেন।’ অন্যদিকে অভিষেক বচ্চন ‘পা’ ছবির আলোচিত এই অভিনয়শিল্পীর অকালে চলে যাওয়াটায় টুইটারে শোকবার্তা প্রকাশ করেছেন। টুইটারে অভিষেক লিখেছেন, ‘আমি খুবই মর্মাহত। নেপালের বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবরটি শোনার খুবই ব্যথিত হয়েছি। আমি মনে করি, আমরা খুবই চমত্কার একজন সহশিল্পীকে হারালাম।’‘পা’ ছবিটি ছাড়া তারুণী সাচদেব দুটি মালায়লাম ছবিতেও অভিনয় করেছেন। এ ছাড়া শাহরুখ খানের কুইজভিত্তিক একটি রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন।