বিমানবন্দর টু স্টেডিয়াম
সাধারণের মতো হয়েও তিনি অসাধারণ—তেমনটিই বললেন শাহরুখ খানের ভক্তরা। গতকাল শুক্রবার দুপুর দুইটা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নেমে বলিউডের বাদশা ছিলেন কিছুটা বিব্রত। দাড়ি শেভ না করে কিছুতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হতে চাইছিলেন না। তাঁর সঙ্গে আসা অর্জুন রামপাল, রানী মুখার্জিরা ঝড়ের বেগেই বেরিয়ে যান বিমানবন্দর থেকে। ঢাকায় নেমে আর্মি স্টেডিয়ামে যাওয়ার তাড়া দেন শাহরুখ। অর্জুন ছিলেন শাহরুখের গাড়িতেই। হোটেল র্যাডিসন পার হতেই শাহরুখ ও অর্জুন পড়েন ঢাকা শহরের চিরচেনা যানজটের কবলে। শহরবাসীকে চমকে দিতে, নয়তো হাওয়া-বাতাস খেতেই একসময় গাড়ির গ্লাস নামিয়ে দেন। শহরবাসীর উদ্দেশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান বলিউডের কিং খান। গতকাল দুপুরের ওই যানজটকে এর আগে বুঝি এতটা উপভোগ করেনি আগে কেউ। সত্যিই, অনেকে শাহরুখকে দেখে চমকে ওঠেন। ‘শাহরুখ!’ বলে চিৎকার করেন। আর এই সুযোগটা হাতছাড়া করেননি প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকার। আর্মি স্টেডিয়ামে ঢুকেই মহড়ার জন্য তাড়া দেন শাহরুখের দল। প্রায় দেড় ঘণ্টা বিরতিহীনভাবে চলে এই মহড়া। অর্জুন রামপাল প্রথম আলোকে জানান, গত চার দিন রাস্কেল ছবির শুটিং শেষ করে প্রতি রাতে সবাই মহড়া করেছেন। মঞ্চে বিল্লু ছবির ‘মারজানি’ গানের সঙ্গে মহড়া করছিলেন শাহরুখ ও রানী। নাচের দু-একটি মুদ্রা রানী বারবার ভুল করছিলেন। বাধ্য হয়েই একবার শাহরুখকে তিনি বলে বসেন, ‘শাহরুখ, আমি রানী, কারিনা নই। ওর মতো নাচতে পারব না। আমি আমার মতো করি।’ শাহরুখ নিরুপায় হয়েই সম্মতি জানালেন। অর্জুন রামপাল মহড়ার মাঝে ফাঁক পেলেই দর্শকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাঁর দুই হাতে দুটি উল্কি দেখে অনেকেই প্রশ্ন করেন। সহাস্যে অর্জুন জানান, তাঁর দুই মেয়ে মাহিকা ও মাইরার নামে দুই হাতে উল্কি করিয়েছেন। ওদিকে বিরতিহীনভাবে মহড়া করে বিকেলে শাহরুখ ছুটে যান হোটেলে। সন্ধ্যার অনুষ্ঠান সফল করতেই হবে—এই আশাবাদ শাহরুখ ও তাঁর দলের।