বিমানবন্দরে অপমানিত সাইফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ভারতের লক্ষৌ বিমানবন্দরে অপমানিত হতে হলো বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানকে। ভিআইপি লাউঞ্জে ঢোকার পর বিমানবন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে তাঁকে। তিগমাংশু ঢুলিয়া পরিচালিত ‘বুলেট রাজা’ ছবির শুটিংয়ের কাজে লক্ষৌ শহরে গিয়েছিলেন সাইফ। সেখান থেকে দিল্লি ফেরার পথে চৌধুরী চরণ সিং বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভিআইপি লাউঞ্জে ঢোকেন। তখন সেখানে কর্তব্যরত একজন কর্মচারী সাইফকে জানান, কেবলমাত্র সরকারিভাবে অনুমতিপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ভিআইপি লাউঞ্জে অবস্থান করতে পারেন। সাইফকে সেখান থেকে বের হয়ে যাওয়ার অনুরোধও করেন ওই কর্মচারী। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পিটিআই। শরীরে নবাবি রক্ত, তার ওপর বলিউডের অন্যতম জনপ্রিয় তারকার তকমা থাকার পরও ভিআইপি লাউঞ্জ থেকে এভাবে বের হয়ে যেতে বলার বিষয়টি নিঃসন্দেহে সাইফের জন্য অপমানজনক। এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর সম্ভবত সাইফের আঁতে ঘা লাগে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কিছুক্ষণ বাত-চিত্ করতে দেখা যায় তাঁকে। তবে কথা-বার্তা শেষ করে কোনো রকম হইচই ছাড়াই ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে সোজা দিল্লিগামী বিমানে ওঠার জন্য পা বাড়ান ৪২ বছর বয়সী জনপ্রিয় এ তারকা। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ দাবি করেছে, সাইফের সঙ্গে তাঁদের কোনো ধরনের তর্ক-বিতর্ক কিংবা বাক-বিতণ্ডা হয়নি।