বিমানবন্দরে আটক রণবীর, জরিমানা দিয়ে মুক্তি!

বিশ্বের বিভিন্ন দেশে ‘বেশরম’ ছবির প্রচার চালাচ্ছেন রণবীর কাপুর। সম্প্রতি বিদেশ সফর শেষে দেশের মাটিতে পা রেখেই উটকো ঝামেলায় জড়িয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছিলেন এ তারকা অভিনেতা। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে না জানিয়ে সুগন্ধি, পোশাক, জুতাসহ এক লাখ রুপির পণ্য বহন করায় ৭০ হাজার রুপি জরিমানা দিতে হয়েছে তাঁকে।
সম্প্রতি এক লাখ রুপির পণ্য নিয়ে মুম্বাই বিমানবন্দর ত্যাগ করার সময় রণবীরকে আটকে দেন শুল্ক কর্মকর্তারা। তাঁকে এক লাখ রুপি শুল্ক পরিশোধের পাশাপাশি ৭০ হাজার রুপি জরিমানা দিতে বলা হয়।
কিন্তু সে সময় রণবীরের কাছে ওই পরিমাণ রুপি ছিল না। এ জন্য রণবীরের পাশাপাশি তাঁর বাক্সপেটরা সব আটকে রাখা হয়। এক ঘণ্টা পর রণবীরকে ছেড়ে দেওয়া হলেও তাঁর লাগেজ রেখে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে এক কর্মচারীর হাতে শুল্ক ও জরিমানার অর্থ পাঠিয়ে লাগেজ ছাড়িয়ে নেন রণবীর। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
এদিকে আজ ২৮ সেপ্টেম্বর রণবীরের ৩১তম জন্মদিন। তাঁর জন্মদিন উদযাপন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও শোনা যাচ্ছে, বিশেষ দিনটিতে তাঁর পাশেই থাকছেন ক্যাটরিনা কাইফ। এর আগে গত ১৬ জুলাই ক্যাটরিনার ২৯তম জন্মদিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রণবীর। ক্যাটের সঙ্গে নৈশভোজের পাশাপাশি তাঁকে গয়না উপহার দিয়েছিলেন রণবীর। এবার রণবীরের জন্মদিনে তাঁকে কীভাবে খুশি করেন ক্যাটরিনা, সেটাই এখন দেখার বিষয়।