
মৃদু আলোয় সিঁড়ি পেরোলেই সাদা রঙে মোড়ানো কয়েকটি ঘর। সেখানে টাঙানো ছবিগুলোয় ফুটে উঠেছে নগরের বিমূর্ত চিত্র। গতকাল সন্ধ্যায় রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের একক চিত্র প্রদর্শনী ‘আরবান সাইট’-এর উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী মনিরুল ইসলাম বলেন, তাঁর ছবি দেখে বোঝা যায় কতটা পরিশ্রম করেছেন তিনি। ছবিগুলোর ভেতর একটা স্ট্রাকচারাল হারমোনি আছে। তাঁর ছবি সত্যিই সুন্দর, এককথায় ‘অনেস্ট পেইন্ট’।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প-পৃষ্ঠপোষক রুবানা হক বলেন, ‘তিনি এত রং পান কোথায়? আমি তো এ শহরে ধূসর রং ছাড়া আর কিছুই দেখি না। নিশ্চয়ই এটা তাঁর কল্পনার শক্তি।’
সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক বলেন, ‘আমি কম্পিউটারের পর্দায় তাঁর ছবিগুলো প্রথম দেখে অভিভূত হয়েছি।’
প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪০টি শিল্পকর্ম। গতকাল থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।