বিমূর্ত ভাবনার ‘অহম তমসায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ নাটকের শুরু নরকের দরজায়, যেখানে গন্ধকের বিষধোঁয়া ওড়ে; যেখানে অগ্নিগর্ভ তারার পঞ্চশিরের অগ্রভাগে মানব-আত্মা প্রোথিত। এ আত্মা ঈশ্বরের অভিশাপগ্রস্ত। শাপগ্রস্ত বলে এ আত্মা স্বর্গে যাওয়ার অযোগ্য। এর চারপাশে ঝাঁকে ঝাঁকে বীভৎস অগ্নিমাছি ওড়ে, যাদের হুলে রয়েছে একই সঙ্গে জীবন ও মৃত্যুর বটিকা। কতক অগ্নিমাছির বিষহুলে যখন মরণযন্ত্রণা শুরু হয়, তখন কতক অগ্নিমাছির মধুহুলে পুনঃপ্রাণসঞ্চারিত হয়। কখনো কখনো নক্ষত্রগলা তপ্ত ধূম্রস্রোতের তোড়ে আত্মা বেঁকেচুরে যায়। আত্মার চেতনা পালিয়ে যেতে চায় এক শূন্য থেকে আরেক শূন্যে। কিন্তু তারার তীক্ষ ফলা গেঁথে রাখে তাকে। মর্ত্যলোকে এ আত্মার নাম রোহেল মৃধা। কাজলকাঠি উপনগরের কাঠকয়লার অগ্নিকুণ্ডে বসে শোনায় পাপ আর ঈশ্বরের দ্রোহিতার গল্প। এমনই বিমূর্ত ভাবনা নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায়ের ২৪তম প্রযোজনা অহম তমসায়। গতকাল রোববার সন্ধ্যায় এটি মঞ্চস্থ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে। আনন জামান রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। এতে অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী, বিশিথ বাবল, অনুজ শরিফ, কামরুজ্জামান, রুমী হাকিম, বিথুন আহমেদ, আরিফ হোসেন, কানিজ ফাতেমা, আনোয়ার হোসেন প্রমুখ।