বিয়ে উপলক্ষে ব্র্যাড-জোলির একই উলকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির বিয়ে করতে যাচ্ছেন হলিউডের আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। বিয়ে উপলক্ষে নানান পরিকল্পনার মধ্যে উলকিপ্রিয় জোলির শরীরে নতুন উলকি আঁকাও বাদ যাচ্ছে না। তবে উলকি আঁকায় এবার ব্র্যাড পিটকেও সঙ্গী করেছেন জোলি। দুজনই উলকি আঁকিয়ে নেবেন শরীরে; আর নতুন জীবন শুরুর মুহূর্তে আঁকা দুজনের সেই উলকিও হবে অভিন্ন। এক খবরে জানিয়েছে কনট্যাক্টমিউজিক ডটকম।পিট-জোলির সংসারে বেড়ে উঠছে তাঁদের ছয় সন্তান। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স আর ভিভিয়েন। বিয়ে উপলক্ষে দুজনের নতুন এই উলকি আঁকার পরিকল্পনা প্রসঙ্গে কাছের একটি সূত্র জানিয়েছে, পিট ও জোলি দুজনই বিয়ের দিনক্ষণ আর ছয় সন্তানের নাম উলকি এঁকে শরীরে ফোটাবেন।উলকির পাশাপাশি উলকি আঁকিয়ে শিল্পী সম্পর্কে সূত্রটি জানায়, একজন ফরাসি উলকি আঁকিয়ে বা শিল্পীকেও এরই মধ্যে চূড়ান্ত করেছেন জোলি-পিট। বাচ্চাদের নাম তাঁদের হাতের লেখায় পাতার মোটিফে ফুটিয়ে তুলবেন এই শিল্পী। বিশেষ এই নকশার কাজও শেষ। এখন বাকি শুধু উলকি আঁকা। তা-ও নিশ্চয়ই শেষ হবে এপ্রিলের মধ্যেই; কেননা, মে মাসের আগেই বিয়ে করছেন জোলি-পিট।