বিয়ে করছেন জিনাত আমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে! ভুলেও কখনো আর সে পথ মাড়াবেন না এমন প্রতিজ্ঞা করলেও এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী জিনাত আমান তাঁর প্রতিজ্ঞা রাখতে পারলেন না। ‘সত্যম শিবম সুন্দরম’ তারকা জিনাত আমান অবশেষে তাঁর স্বপ্নের সঙ্গী খুঁজে পেয়েছেন এবং তাঁকে বিয়ে করতে যাচ্ছেন বলেই সম্প্রতি জানিয়েছেন। বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জিনাত জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারও বিয়ের পথে হাঁটারই পরিকল্পনা করছি। আমার দুই ছেলের বাবা মাযহার খানের মৃত্যু হয় ১৯৯৮ সালে। তিনি মারা যাওয়ার পর জীবনে আর কখনও বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কোনো মানুষই ঈশ্বরের ইচ্ছের বাইরে গিয়ে কিছু করতে পারে না।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। জিনাত আরও বলেন, ‘বিশেষ এক মানুষের দেখা পেয়েছি আমি। এরইমধ্যে তিনি আমার জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। কিন্তু তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। শুধু এটুকুই বলব, তিনি ভারতের নাগরিক এবং আমরা বিয়ের পরিকল্পনা করছি। বর্তমান দিনগুলোকে অনেক বেশি আনন্দময় মনে হচ্ছে আমার কাছে। নতুন করে তারুণ্যের উচ্ছলতাকে অনুভব করছি।’ জিনাত আমানের দুই ছেলে আজান এবং জাহানের বয়স এখন ২৬ এবং ২৩। মায়ের বিয়ের সিদ্ধান্তে তাঁরা বেশ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে জিনাত বলেন, ‘তাঁরা আমাকে মুক্ত বাতাসে শ্বাস নিতে বলেছে। আমার জীবনের সুখই তাঁদের একমাত্র চাওয়া।’চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সঞ্জয় খানের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিলেন জিনাত আমান। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সেই প্রেম টেকেনি। ১৯৮৫ সালে ছোট ও বড় পর্দার অভিনেতা মাযহার খানের সঙ্গে বিয়ে হয় জিনাতের। জিনাত-মাযহারের ঘরে আসে দুই সন্তান আজান এবং জাহান। সংসার জীবনে মোটেও সুখী ছিলেন না জিনাত। তাঁকে প্রায়ই মারধর করতেন তাঁর স্বামী। গৃহ সন্ত্রাসের শিকার হয়ে শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন জিনাত। তিনি উপলব্ধি করেন, বিয়ে ছিল তাঁর জীবনের বড় একটি ভুল। এজন্য আর কখনোই বিয়ে না করার সিদ্ধান্ত নেন। গৃহ সন্ত্রাস নিয়ে এক প্রশ্নের জবাবে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে জিনাত বলেন, ‘এ ধরনের অপরাধ ক্ষমার অযোগ্য। গৃহ সন্ত্রাসের শিকার হলে চুপ না থেকে বিষয়টি সবার সামনে নিয়ে আসতে হবে ভুক্তভোগীদের।’