বিয়ে করলেন বন্যা মির্জা
বন্যা মির্জার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মানস চৌধুরীর পরিচয় হয় প্রায় দুই বছর আগে। শিল্পকলা একাডেমীর সোলায়মান মেলাতেই দুজনের প্রথম পরিচয়। সেদিন দুজনের মধ্যে দেখা এবং টুকটাক কথাবার্তা হয়েছিল। এরপর বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দুজনের দেখা হতো। একসময় দুজনেই তাঁদের ভালো লাগার কথা একে অপরকে জানান। শেষে দুই বছরের পরিচয়টাকে বিয়ের মাধ্যমে স্থায়ী বন্ধনের রূপ দিলেন মঞ্চ ও টিভি অভিনেত্রী বন্যা মির্জা ও মানস চৌধুরী। আজ সকাল ১০টায় আইনজীবী ইয়াসিন আলীর মাধ্যমে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ, সুবর্না মুস্তাফা, শামসুল আলম বকুল, ওয়াহিদা মল্লিক জলি, আফসানা মিমি, বন্যার বোন, বোনের স্বামী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ উভয়ের আরও ঘনিষ্ঠ কয়েকজন।বিয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বন্যা মির্জা বলেন, ‘ভালো। বিয়ে করার প্রয়োজন ছিল, তাই বিয়ে করেছি। আমাদের পরিচয়ের পর সেভাবে খুব একটা সময় নিইনি। আমাদের এ বিয়েকে কিন্তু প্রেমের বিয়ে বলা যাবে না। পরিচয়ের পর একপর্যায়ে এসে চিন্তা করলাম বিয়েটা এখন করা উচিত। তাই কাছের কয়েকজনের উপস্থিতিতে কাজটা সেরে ফেললাম। আমার শ্বশুর-শাশুড়ি থাকেন কলকাতাতে। তাঁরা সেখান থেকে আমাকে দোয়া করেছেন। কিছুদিনের মধ্যে তাঁরা ঢাকায় আসবেন।’মানস চৌধুরী তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘ভালো লাগার ইচ্ছা থেকেই তো বিয়েটা করা। স্বাভাবিকভাই ভীষণ ভালো লাগছে। একটা কথা না বললেই নয়, আমাদের এ বিয়েতে বন্যার বন্ধু-বান্ধব, সহকর্মী থেকে শুরু করে আমারও সহকর্মী ও বন্ধু-বান্ধবেরা যথেষ্ট সহযোগিতা করেছেন।’