বিয়ে করলেন হ্যালি বেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভার মার্টিনেজের সঙ্গে হ্যালি বেরি
অলিভার মার্টিনেজের সঙ্গে হ্যালি বেরি

বাগদানের এক বছরের মাথায় ফরাসি অভিনেতা অলিভার মার্টিনেজকে বিয়ে করলেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী হ্যালি বেরি।
ফ্রান্সের ভ্যালেরি শহরে ১৩ জুলাই শনিবার ৬০ জন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে বিয়ের পর্বটা সেরেছেন হ্যালি এবং অলিভার। বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অলিভারের মা রোজমেরি এবং ভাই ভিনসেন্ট। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘কন্ট্যাক্টমিউজিক’।
ফিতা দিয়ে সাজানো পুরোনো দিনের একটা সাদা গাড়িতে চেপে স্থানীয় গির্জায় হাজির হন হ্যালি। সেসময় তাঁর পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা রংয়ের বিয়ের গাউন। ফরাসি রীতি অনুযায়ী অলিভারের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিবাহোত্তর সংবর্ধনারও আয়োজন করা হয়। জমকালো এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল আতশবাজি। হ্যালি-অলিভারের শুভ পরিণয়ের আনন্দকে স্মরণীয় করে রাখতে আতশবাজিতে উজ্জ্বল হয়ে ওঠে ভ্যালেরি শহরের আকাশ।
দুই বছর চুটিয়ে প্রেম করার পর গত বছর বাগদান সম্পন্ন করেছিলেন হ্যালি এবং অলিভার। ৪৬ বছর বয়সী হ্যালি এর আগেও দুইবার বিয়ে করেছিলেন। ২০০৫ সালে দ্বিতীয় স্বামী এরিক বেনেটের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মডেল গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে প্রণয়ে জড়ান হ্যালি। তাঁদের একটি মেয়েও হয়। কিন্তু ২০১০ সালে তাঁরা সম্পর্কের ইতি টানেন।
অন্যদিকে, ৪৭ বছর বয়সী অলিভারের এটা প্রথম বিয়ে হলেও, বেশ কয়েকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তাঁর প্রেমিকার তালিকায় ছিলেন গায়িকা কাইলি মিনোগ, মডেল ও অভিনেত্রী রোজি হান্টিংটন-হোয়াইটলি, অভিনেত্রী মিরা সরভিনো প্রমুখ।