বিয়ে কিন্তু ছেলেখেলা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপি। তাঁর প্রথম ছবি কুলি মুক্তি পায় ১৯৯৭ সালে। প্রথম ছবিতেই দারুণ সাফল্য। এরপর দেড় যুগের চলচ্চিত্রজীবনে প্রায় দেড় শ ছবিতে অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিন বছর পর কাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পপির নতুন ছবি, নাম চার অক্ষরের ভালোবাসা। পরিচালক জাকির খান। এতে পপির সঙ্গে অভিনয় করেছেন ফেরদৌস ও নিরব।

পপি। ছবি: আনন্দ
পপি। ছবি: আনন্দ

তিন বছর পর আপনার ছবি মুক্তি পাচ্ছে
হ্যাঁ, খুব ভালো লাগছে। ঘন ঘন ছবি মুক্তি পেলে এমন আনন্দ পাওয়া যায় না। আমি নিজেও ঘন ঘন ছবি মুক্তির পক্ষে নই। পাশাপাশি একটু হতাশও বলতে পারেন।
কী নিয়ে হতাশা?
কয়েক বছর আগে ছবি মুক্তির আগে অনেক বেশি প্রচারণা চালানো হতো। এখন তা চোখেই পড়ে না। নির্মাতারা ছবি শেষ করার জন্য বাজেট রাখেন। প্রচারণার বিষয়টি তাঁদের মাথায় থাকে না। তাই তো ভালো ছবি তৈরি হওয়ার পরও সঠিক প্রচারণার অভাবে হিট কিংবা সুপারহিট খেতাব পায় না।
‘চার অক্ষরের ভালোবাসা’ ছবি নিয়ে কিছু বলুন
গ্রামের গল্প। এখানে আমার চরিত্রের নাম ভাবনা। নারীপ্রধান সিনেমা। যাঁরা বিনোদনধর্মী সুস্থ ছবি দেখতে চান, তাঁরা অবশ্যই ছবিটি দেখবেন। ভালো গল্প, চমৎকার লোকেশন আর কিছু সুন্দর গান রয়েছে। শুটিং করেছি ২০১৩ সালে। শুরুটা হয়েছিল কক্সবাজারে। কয়েক দিন শুটিং করার পর এক দুর্ঘটনায় আমার পায়ের টিস্যু ছিঁড়ে যায়। তখন দুই মাস বিশ্রামে থাকতে হয়েছিল।
অনেক দিন আপনার নতুন কোনো ছবির খবর নেই। নিজে থেকে ছবি নিচ্ছেন না নাকি প্রস্তাব পাচ্ছেন না?
প্রস্তাব পাচ্ছি না, এটা মোটেও ঠিক নয়। গত রোববার একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। ডিজিটাল প্রযুক্তির নামে এখন ছবির বাজেট ২০ থেকে ৩০ লাখ টাকায় নেমে এসেছে। পাঁচ বছর আগেও যা থাকত দেড় থেকে দুই কোটি টাকা। বাজেট কমে যাওয়ায় ছবির মানের ওপর প্রভাব পড়ছে। একই প্রভাব পড়েছে শিল্পীর সম্মানী থেকে শুরু করে আনুষঙ্গিক সব বিষয়ে। সবকিছু মিলিয়ে অগোছাল একটা পরিবেশের মধ্যে আমরা আছি। তাই ছবি হাতে নেওয়ার আগে ভাবতে হচ্ছে।
এখন কিন্তু দেড়-দুই কোটি টাকা বাজেটের ছবি নির্মাণের খবরও পাওয়া যাচ্ছে।
দু-একটা ছবি দিয়ে পুরো ইন্ডাস্ট্রি চলে না। যেখানে বছরে গড়ে ২৪টি ছবি মুক্তি পায়, সেখানে দু-একটা উদাহরণ হতে পারে না।
বড় পর্দায় ছবি হাতে পাচ্ছেন না বলেই নাকি ইদানীং ছোট পর্দার দিকে ঝুঁকছেন?
এটা অপপ্রচার। টিভির দর্শকসংখ্যাকে খাটো করে দেখা ঠিক নয়। আমি শিল্পী, বড় পর্দা কিংবা ছোট পর্দা আমার কাছে আলাদা কিছু নয়। কাজকে কাজ হিসেবেই দেখছি। আরেকটা কথা, আমি টাকার পেছনে ছুটিনি। বরাবরই সম্মানের দিকে তাকিয়েছি। শুধু সংখ্যার দিকে তাকালে, চোখ বুজে একের পর এক ছবির কাজ হাতে নিতে পারতাম। কিন্তু সে পথে পা বাড়াইনি।
নায়িকা না হলে কী হতেন?
সাংবাদিক। অপরাধবিষয়ক সাংবাদিকতা করতাম। এ ধরনের কাজ অনেক চ্যালেঞ্জিং। আর চ্যালেঞ্জিং যেকোনো কাজ আমার ভালো লাগে।
অভিনয়শিল্পী পপিকে কত নম্বর দেবেন?
আমি এখনো শিখছি। আমি বরাবরই নির্মাতার বিশ্বস্ত ছাত্রী।
যে কারণে পপিকে ব্যতিক্রম বলে মনে করেন?
আমি অন্য সবার মতো গতানুগতিক নই। শুরু থেকেই ব্যতিক্রম হয়ে চলার চেষ্টা করেছি।
কিছুদিন পরপরই আপনার বিয়ের খবর মাথাচাড়া দিয়ে ওঠে
তারকারা সব সময়ই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাই কিছু পত্রিকা বিক্রি বাড়ানোর জন্য তারকাদের ব্যক্তিজীবনকে জড়িয়ে সংবাদ ছাপায়। এ ক্ষেত্রে বিয়ে-সংক্রান্ত খবর প্রাধান্য পায় বেশি। আমি যদি বিয়ে করতাম, তাহলে জানাতে কোনো সমস্যা থাকত না।
আপনি বিয়ে করেছেন?
না, আমি এখনো বিয়ে করিনি।
তাহলে কবে বিয়ে করছেন?
বিয়ে কিন্তু ছেলেখেলা নয়। তাই ভেবেচিন্তে কাজটি করতে চাই। পরে পস্তাতে চাই না।
মনজুর কাদের