বিয়ে নয় প্রেম করছেন নার্গিস ফাখরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদয় চোপড়া ও নার্গিস ফাখরি
উদয় চোপড়া ও নার্গিস ফাখরি

বলিউডের অভিনেতা-নির্মাতা উদয় চোপড়ার সঙ্গে ‘রকস্টার’ তারকা নার্গিস ফাখরির প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। এমনকি তাঁদের বিয়ের গুজবও রটেছে। কিন্তু সম্প্রতি প্রয়াত যশ চোপড়ার ছেলে উদয়ের সঙ্গে বিয়ের খবরকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি।
এ প্রসঙ্গে ৩৩ বছর বয়সী নার্গিসের ভাষ্য, ‘উদয় এবং আমাকে ঘিরে সবাই এ ধরনের কথা কেন বলছেন তার কারণ সত্যিই আমার জানা নেই। স্পষ্ট করে বলতে চাই, আমি এখন সম্পূর্ণ একা। আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে পেশাগত কাজের প্রতি।’
নার্গিস আরও বলেন, ‘প্রেম-ভালোবাসার পেছনে ব্যয় করার মতো সময় আমার হাতে নেই। প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে আমার দিন কাটছে এবং এই ব্যস্ততাকে আমি দারুণ উপভোগ করছি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
২০১১ সালে ‘রকস্টার’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল নার্গিসের। এরপর তিনি হাতে পেয়েছেন ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির কাজ যেখানে তাঁর সহ-অভিনেতা জন আব্রাহাম। সুজিত সিরকার পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩০ আগস্ট। এ ছাড়া, আগামী বছর ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে নার্গিসকে। 

১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘শৌখিন’ ছবির রিমেকেও অভিনয় করবেন নার্গিস। বাসু চ্যাটার্জি পরিচালিত ‘শৌখিন’ ছবিতে অভিনয় করেছিলেন অশোক কুমার, উত্পল দত্ত, এ কে হাঙ্গাল, মিঠুন চক্রবর্তী এবং রতি অগ্নিহোত্রী। এবার ছবিটির রিমেকে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করবেন নার্গিস। রিমেক ছবিটি মুক্তি পাবে ২০১৪ সালে।