বিয়ে নিয়ে অ্যানিস্টনের লুকোচুরি
গোপনে নাকি বিয়ের সব প্রস্তুতিই সেরে ফেলেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন! এখন শুধু এক সপ্তাহের অপেক্ষা! জেনিফারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পোশাক, গয়না, বিয়ের সরঞ্জাম কেনা এমনকি অতিথিদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। কিন্তু ঘোঁট পাকছে বিয়ের তারিখ নিয়ে। তবে খুব বেশি দেরি করবেন না অ্যানিস্টন। সপ্তা খানেকের মধ্যেই চুপিসারে ঘনিষ্ঠ একজন বন্ধুর সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন ৪৪ বছর বয়সী এ তারকা অভিনয়শিল্পী। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার একটি খবরে জেনিফার অ্যানিস্টনের গোপন এ বিয়ের তথ্য জানা গেছে।জেনিফার কাকে বিয়ে করছেন? তাঁর ঘনিষ্ঠ সূত্রটি বলছে, দীর্ঘদিনের বন্ধু-প্রেমিক জাস্টিন থেরক্সকে বিয়ে করছেন জেনিফার অ্যানিস্টন। বর্তমানে যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে শুটিং নিয়ে ব্যস্ত আছেন জেনিফার। সপ্তাহখানেকের মধ্যে সেখানেই কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বিয়েটা সেরে ফেলার পরিকল্পনা তাঁর।২০১১ সালের অক্টোবর মাস থেকেই জেনিফারের আঙুলে থেরক্সের উপহার দেওয়া সুদৃশ্য হূদয় আকৃতির আংটি শোভা পাচ্ছে। এ আংটি পরার পর থেকেই দুজনের বিয়ের খবরটি চাউর হয়েছে। এরপর বছর পেরিয়ে গেলেও তাঁরা নিশ্চুপ। এবারও জেনিফার আর থেরক্স এ বিয়ে নিয়ে মোটেও মুখ খুলছেন না। রাখ-ঢাক যতই থাকুক, সপ্তাহখানেক বাদেই তো সব জানা যাবে!