বিয়ে নিয়ে মত বদলেছেন ক্যাটরিনা

নিজের বিয়ের ভাবনা নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে খোলামেলা কথা বলেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ে নিয়ে তাঁর ভাবনা পুরোপুরি পাল্টে গেছে বলেই জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। তাঁর মতে, পরিকল্পনা করে কখনো কারও পক্ষে বিয়ে করা সম্ভব নয়।
এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করা যেতে পারে। কিন্তু পরিকল্পনা করে কখনোই বিয়ে করা সম্ভব নয়। কারও একার সিদ্ধান্তে গাঁটছড়া বাঁধা যায় না। এ জন্য দুজন মানুষের সম্মতির প্রয়োজন হয়। আমি হয়তো মনে মনে ভাবছি বিয়ে করব। কিন্তু আমি যে মানুষটিকে বিয়ে করতে চাইছি, সে আদৌ বিয়ের জন্য প্রস্তুত কি না, সেটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো সে আয়ারল্যান্ড ভ্রমণের পরিকল্পনা করছে। এমনও হতে পারে, দুই বছরের মধ্যে মহাকাশ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে সে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
ক্যাটরিনা আরও বলেন, ‘বিয়ে নিয়ে আমার ভাবনা পুরোপুরি পাল্টে গেছে। আমি মনে করি, নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে সম্পর্কের রূপ পাল্টাতে থাকে। আমি কেবল তাঁকেই বিয়ে করব, যার প্রতি আমি পাগলের মতো ভালোবাসা অনুভব করব এবং যাকে ছাড়া বেঁচে থাকাটা অর্থহীন মনে হবে আমার কাছে। এই অনুভূতিটা একতরফা হলে চলবে না। জীবনসঙ্গী হিসেবে আমার পছন্দের মানুষটিও আমাকে তীব্র ভালোবাসা ফেরত দেবে—এটা উপলব্ধি করলেই কেবল বিয়ে করব আমি।’