বিয়েতে নেচে ক্যাটরিনার আয় দুই কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে নিত্যনতুন সব রেকর্ড গড়ে চলেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডের অভিনেত্রী হিসেবে দিনকয়েক আগে ক্যাটরিনা রেকর্ড গড়েছেন মঞ্চ পরিবেশনার বিনিময়ে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়ে। নতুন বছরের শুরুতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার প্রস্তাবে সায় দিয়ে ঝুলিতে ভরেছেন তিন কোটি ভারতীয় রুপি। এ ছাড়া সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে নেচে তিনি আয় করেছেন দেড় কোটি রুপি। এখানেই শেষ নয়, জানা গেছে, শিগগিরই আরেকটি বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য তাঁর পারিশ্রমিক ঠিক হয়েছে দুই কোটি রুপি!‘এক থা টাইগার’ আর ‘যব তক হ্যায় জান’ ছবির ব্যাপক সাফল্যের পর অনেকেই বলিউডের সেরা অভিনেত্রী হিসেবে গণ্য করছেন ক্যাটরিনা কাইফকে। ডিসেম্বরের মাঝামাঝিতে ‘ধুম ৩’ ছবির একটি গানের শুটিংয়ে অংশ নেওয়ার আগ পর্যন্ত তাঁর হাতে কোনো কাজ নেই। তবে এই অবসরেও অর্থ উপার্জন বন্ধ নেই তাঁর। পুরস্কার প্রদান, বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ভালোই আয় করছেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি রাজস্থানের যোধপুর প্রাসাদে একটি বিয়ের অনুষ্ঠানে ‘চিকনি চামেলি’সহ আরও কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়েছেন ক্যাটরিনা। এর বিনিময়ে তিনি পেয়েছেন দেড় কোটি রুপি। অথচ এ ধরনের অনুষ্ঠানে ৩০ থেকে ৪৫ লাখ রুপির বেশি পান না বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। বিয়ের অনুষ্ঠানটিতে ক্যাটরিনা ছাড়াও মঞ্চ পরিবেশনায় অংশ নিয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। পারিশ্রমিক হিসেবে তিনি কত পেয়েছেন তা নিশ্চিত হওয়া না গেলেও জানা গেছে, ক্যাটরিনার চেয়ে তাঁর পারিশ্রমিকের অঙ্কটা কমই ছিল।সূত্রটি আরও জানিয়েছে, আসছে ৩ ডিসেম্বর বান্দ্রার ‘তাজ ল্যান্ডস এন্ড’ হোটেলে আরেকটি বিয়ের অনুষ্ঠানে নাচবেন ক্যাটরিনা। এরই মধ্যে দুই কোটি রুপির এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। এর মধ্যে চুক্তিও স্বাক্ষর করে ফেলেছেন।