বিয়ের জন্য বিদ্যার ১৮ শাড়ি!
ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী বিদ্যা বালান ও তাঁর প্রেমিক সিদ্ধার্থ রায় কাপুর বিয়ে নিয়ে কথা বলতে নারাজ। তবে বিয়েসংক্রান্ত নানা ব্যস্ততা এরই মধ্যে শুরু হয়ে গেছে। বিদ্যা স্বয়ং ১৮টি সিল্কের শাড়ির জন্য ফরমায়েশ দিয়েছেন। তাঁর পোশাক নকশাকারী সব্যসাচী মুখোপাধ্যায়ের বরাতে এ তথ্য জানিয়েছে ‘মুম্বাই মিরর’। হাতে বোনা ১৮টি সিল্কের শাড়ির জন্য বিদ্যার কাছ থেকে ফরমায়েশ পেয়েছেন সব্যসাচী। এ ছাড়া তিনি বিয়ের দুটি বিশেষ শাড়ির ফরমায়েশও পেয়েছেন। এ দুটি শাড়ি বিদ্যা বালান পরবেন বিয়ের আসরে।সব্যসাচীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিদ্যার বিয়ের শাড়ির অধিকাংশই তৈরি হয়ে গেছে, শুধু সব্যসাচীর নিজের নকশা করা মাদ্রাজ সিল্কের শাড়িটি ছাড়া; এটি বিদ্যা বালানের জন্য নিজে নকশা করবেন সব্যসাচী। বর্তমানে সব্যসাচী লন্ডন অবস্থান করছেন। সেখান থেকে ফিরেই তিনি চেন্নাইয়ে ভালো সিল্কের খোঁজে যাবেন। এরপর মুম্বাইয়ে ড্রেস রিহার্সেল হবে।বিদ্যাকে শাড়ি বুঝিয়ে দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর।তামিলরীতি অনুসারেই বিয়ে করবেন বিদ্যা। সকালে হবে বিয়ের অনুষ্ঠান। সারা দিনে অনেকবার শাড়ি বদল করতে হবে তাঁকে, এ কারণেই এই ১৮ শাড়ির ফরমায়েশ।বিয়ে প্রসঙ্গে বিদ্যা যদিও কোনো তথ্য জানাননি, তবে ভারতের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ১৮ ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়ছেন ‘ডার্টি পিকচার’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান।