বিয়ের পর প্রথম জনসমক্ষে সাইফিনা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন বহুল আলোচিত বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। সম্প্রতি মুম্বাইয়ে পৃথ্বী থিয়েটার উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন তাঁরা।পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠাতা বলিউডের কাপুর পরিবারের অন্যতম সদস্য, প্রখ্যাত অভিনেতা শশী কাপুর। তাঁর উদ্যোগে পৃথ্বী থিয়েটার উত্সব অনুষ্ঠিত হয়ে আসছে ১৯৮৩ সাল থেকে। এটির সংস্কারের কাজ শেষ হওয়ায় দুই বছর বিরতির পর সম্প্রতি আবারও শুরু হয়েছে এ উত্সব।দুই সপ্তাহব্যাপী এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে কাপুর পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। বলিউডের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবানা আজমি, দিয়া মির্জা, সোহা আলী খান প্রমুখ। উত্সবে হঠাৎ করে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন সাইফ-কারিনা। আয়োজনস্থলে পৌঁছেই শশী কাপুরের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সাইফ ও কারিনা। পরে ‘এ ওয়াক ইন দ্য উডস’ নাটকের প্রদর্শনী দেখেন সাইফিনা। নাটকটিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রজত কাপুর। এই দুই অভিনেতার অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান কারিনা। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফ ও আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাঁদের অভিনয় দেখেছি। সত্যি বলতে কি, এমন অনবদ্য অভিনয় আগে কখনোই দেখার সৌভাগ্য হয়নি আমার। এই প্রথম আমার মনে হয়েছে, আসলে আমি কোনো অভিনয়শিল্পীই নই। বড় পর্দায় কাজের সময় ভুল হলে শোধরানোর সুযোগ আছে। কিন্তু মঞ্চে সেটা নেই। তার পরও রজতজি ও নাসির ভাই যেমন মনোমুগ্ধকর অভিনয় উপহার দিয়েছেন, তার কোনো তুলনা হয় না।’কারিনা আরও বলেন, ‘কাপুরদের মতো সৃষ্টিশীল একটি পরিবারের অংশ হওয়ায় আমি অনেক বেশি গর্বিত। চলচ্চিত্র, থিয়েটার, নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে কাপুর পরিবারের সদস্যদের অবদানের কথা ভাবলে গর্বে মাথাটা উঁচু হয়ে যায়।’ কাপুর পরিবারের প্রশংসা করে সাইফ বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, শুরুর দিকে পৃথ্বী থিয়েটার নিয়ে অনেক গর্ব করতেন শশী কাপুর। চলচ্চিত্রশিল্পে অবদান রাখার পাশাপাশি শিল্পের অন্যান্য শাখায়ও অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাপুর পরিবার। শিল্পের সঙ্গে তাঁদের সম্পৃক্ততার বিষয়টিকে পারিবারিক ঐতিহ্য বললে মোটেও অত্যুক্তি হবে না। আজও সেই ঐতিহ্য সফলভাবে সামনে এগিয়ে নিয়ে চলেছেন কাপুর পরিবারের সদস্যরা।’