বিরক্ত পূর্ণিমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণিমা
পূর্ণিমা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে চরম বিরক্ত অভিনেত্রী পূর্ণিমা। বাধ্য হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছেন তিনি। সে জন্যই গত চার দিন ফেসবুকে পাওয়া যায়নি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে।
ভক্ত ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্যই কয়েক বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট চালু করেন পূর্ণিমা। নিয়মিত কাজের খবরাখবরের পাশাপাশি নিজের লেখা কবিতাও পোস্ট করেন সেখানে। ফেসবুকের মাধ্যমেই ভক্ত-অনুরাগীরা জেনে গিয়েছিলেন, শুধু অভিনয়শিল্পীই নন, পূর্ণিমা একজন রন্ধনশিল্পীও বটে। তাহলে অনির্দিষ্টকালের জন্য কেন ফেসবুক বন্ধ করে দিলেন তিনি? জানালেন, অনাকাঙ্ক্ষিত সব মেসেজ ও ফোন কলের কারণেই সাময়িকভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। পূর্ণিমা বলেন, ‘দেশে ও দেশের বাইরে আমাদের অনেক ভক্ত আছেন। তাঁদের সঙ্গে সম্পৃক্ত থাকতেই অ্যাকাউন্টটি খুলেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, নামে সামাজিক যোগাযোগমাধ্যম হলেও এটা আসলে অসামাজিক। খুব বিরক্তি লাগছে। বলা নেই কওয়া নেই, পরিচিত-অপরিচিত সবাই ফেসবুক ইনবক্সে এসএমএস ও মেসেঞ্জারে ফোন করে। ফোন ধরলে অপ্রাসঙ্গিক কথা আর না ধরলে উল্টাপাল্টা এসএমএস পাঠায়। এসব সহ্য করা যায় না। আমাদেরও তো ব্যক্তিগত জীবন আছে। পরিবার নিয়ে থাকতে হয়। সব সময় মনমানসিকতা ভালো থাকে না। এসব কেউ বুঝতে চায় না। তাই বিরক্ত হয়ে কিছুদিন দূরে থাকতে চাই।’
বহুদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না পূর্ণিমাকে। নতুন কোনো ছবিতে অভিনয়ের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক নির্মাতা যোগাযোগ করছেন, গল্পগুলো শুনেছি। ভাবছি, কোনটিতে কাজ করব।’