
অবশেষে মঞ্চে তিনি আবির্ভূত হলেন। তাঁর আসার খবর শুনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন দর্শনার্থীরা। কত্থক কিংবদন্তি পণ্ডিত বিরজু মহারাজ মঞ্চে এলেন কৃষ্ণরূপে নাচতে নাচতে। তিনি নাচ করছিলেন, দর্শকেরা দাঁড়িয়েই দেখছিলেন সেই নৃত্যরং।
মহারাজ বললেন, ‘কলাকাররা হলেন চিত্রকরের মতো। শব্দ, সুর, অঙ্গ দিয়ে আমরা পরিবেশ রাঙাই। সেই রংই এই মঞ্চে আমরা দেখছি।’ আগের দুই দিন শ্রোতার সারিতে দেখা গিয়েছিল তাঁকে। সামনে বসে শুনেছেন কৌশিকী চক্রবর্তীর গান, পণ্ডিত শিবকুমার শর্মার সন্তুর, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি। এবার তিনি মঞ্চের মধ্যমণি।
ব্লুজ কমিউনিকেশন আয়োজিত চার দিনব্যাপী ‘সাউথ এশিয়ান মিউজিক ফেস্টিভ্যাল—টাইমলেস ক্ল্যাসিকাল ইকোস’-এর তৃতীয় দিন ছিল গতকাল শনিবার। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের মাস্টারকার্ড থিয়েটারে চলছে এই আয়োজন। এখানেই দিনের শেষ পরিবেশনায় মঞ্চে আসেন পণ্ডিত বিরজু মহারাজ।
শুরুর দিকে তিনি নাচলেন তিন তাল। বললেন, ‘অনেক রকম তাল আছে। কিন্তু তিন তালই তো এ জন্মে ঠিক করে করতে পারলাম না। তাই এটাই নাচি।’
একের পর এক পায়ের কাজে তিনি তৈরি করেন গল্প। ঘোড়া কীভাবে ছোটে, বর্ষার দিনে ময়ূর নাচে কীভাবে—সবই দেখিয়ে দেন নৃত্যাভিনয়ে। অদ্ভুত সেই পরিবেশনা!
বিরজু মহারাজ নিজের শিষ্যদের নিয়েও বললেন, ‘আমার শিষ্যরা একেকটা চিত্রকর্মের মতো। স্বভাব বুঝে আমি তাদের রাঙাই মাত্র। তারা যখন নাচে, মনে হয় যেন একেকটা পেইন্টিং নাচছে।’ মহারাজের আগে মঞ্চে এসে বিদুষী শাশ্বতী সেন সেটা প্রমাণ করে গেছেন। ৪৮ বছর ধরে তিনি শিখছেন মহারাজের কাছে। এখনো তাঁর মনে হয় যে কিছুই শেখা হলো না!
এই দিনের প্রথম পরিবেশনা ছিল বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসার। এসরাজে অসিত বিশ্বাস ও তবলায় ইফতেখার আলম প্রধানের সংগতে লিসা গাইলেন রবীন্দ্রনাথের আটটি গান। গানগুলো হলো ‘হৃদয়নন্দনবলে নিভৃত এ নিকেতনে’, ‘কে বসিলে আজি হৃদয়াসনে’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘হায় কে দিবে আর সান্ত্বনা’, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি এ প্রাণ’, ‘চিনিলে না আমারে কি’, ‘আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে’ এবং ‘শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়’। একে একে গেয়ে গেলেন লিসা, মুগ্ধ হয়ে শুনলেন শ্রোতারা।
দ্বিতীয় পরিবেশনায় মঞ্চে আসেন দীপক পণ্ডিত। তবলায় সংগত করেন ওজাস অধিয়া। দীপক-ওজাসের অদ্ভুত যুগলবন্দী শ্রোতাদের করেছে মোহিত। নিঃসন্দেহে এই উৎসবের বড় চমক ওজাস অধিয়ার লাগাতার মনকাড়া পরিবেশনা।
নীলাদ্রি কুমারকে ঢাকার দর্শক শুনেছেন মাস দুই আগেই। জুলাই মাসে তবলায় পণ্ডিত বিজয় ঘাটেকে নিয়ে সেতারে বেজেছিলেন নীলাদ্রি। গতকাল সিঙ্গাপুরের মঞ্চে এই জুটি আবারও উঠলেন। ধরলেন রাতের রাগ কৌশি কানাড়া।
এই এক পরিবেশনাতেই নীলাদ্রি যেন দেখিয়ে দিলেন সেতারের পুরো রেঞ্জ। মাঝেমধ্যে পণ্ডিত বিজয় ঘাটের সঙ্গে চলল খুনসুটিও। শ্রোতারা পরিবেশনার একপর্যায়ে করতালিতে অভিনন্দিত করতে গেলে নীলাদ্রি থামিয়ে দিলেন। সামনে যে আরও অন্যরকম কিছু অপেক্ষা করছে! এমনই আত্মবিশ্বাসী ভঙ্গিতে শরীরের প্রতিটি মাংসপেশি দিয়ে আবারও সেতারে বাজলেন নীলাদ্রি কুমার।
আইএফআইসি ব্যাংক নিবেদিত এই আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় প্রতিষ্ঠান পারফেক্ট হারমোনি গ্লোবাল। আজ উৎসবের শেষ দিনে মঞ্চে আসবেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ভারতীয় শিল্পী ওস্তাদ সুজাত খান (সেতার), বিদুষী বম্বে জয়শ্রী (কর্ণাটকি কণ্ঠসংগীত) ও ড. এল সুব্রামানিয়াম (বেহালা)।