বিরজু মহারাজের সঙ্গে এক আড্ডায়
কথা ছিল আনন্দর পক্ষ থেকে বিরজু মহারাজের সাক্ষাৎকার নেবেন শিবলী মহম্মদ, আর সেই সাক্ষাৎকার পর্বে আমরা থাকব জোগালি হিসেবে। তাই সকালবেলায়ই ঢাকা ক্লাবে হাজিরা দিয়েছি। এখানকার অতিথিশালায়ই মহারাজজির থাকার ইন্তেজাম। অপেক্ষা করছি তাঁর জন্য। এর আগের ঘটনা হলো, নৃত্যাঞ্চলের উদ্যোগে নাচের কর্মশালায় প্রশিক্ষণ দিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন উপমহাদেশের নৃত্যকলার জীবন্ত কিংবদন্তি বিরজু মহারাজ। সেই সুযোগে তাঁর এ সাক্ষাৎকারের বন্দোবস্ত।নৃত্যাঞ্চলের অন্যতম কর্ণধার শিবলী মহম্মদ জানান, ‘পাঁচ দিনের কর্মশালা দিয়ে তো নাচের ক্ষেত্রে বিপ্লব ঘটানো সম্ভব নয়। চেয়েছি কর্মশালার মাধ্যমে আমার ছাত্রছাত্রীরাও গুরুজির সান্নিধ্য পাক।’ বিরজু মহারাজের সাক্ষাৎ-ছাত্র শিবলী মহম্মদ যখন কথাগুলো বলছেন, এর কিছুক্ষণের মধ্যেই ওই ঘরে এসে উপস্থিত হলেন গুরুজি, যাঁর জন্য এতক্ষণ অপেক্ষা আমাদের।সাক্ষাৎকার নেওয়ার জন্য প্রস্তুত হলেন শিবলী। বেশ আয়োজন করে শুরু হলো প্রশ্ন, ‘দ্বিতীয়বার বাংলাদেশে এসে কেমন লাগছে?’ ‘বহুত দিল কো বড় খুশি হোরি।’ সাগরেদের প্রশ্নের জবাব দিতে শুরু করেছেন শিক্ষক। পরক্ষণে আবার শিবলীকে উদ্দেশ করে গুরুজি বললেন, ‘তুমি এখানকার ছেলেমেয়েদের এত সুন্দর করে তৈরি করেছ যে ওদের দেখেই বোঝা যায়, খুব সুন্দর করে শিখছে ওরা। নাচ হলো অভিব্যক্তি ও শরীরের কৌশল। শরীরকে ভালোবেসে আমরা যে মুভমেন্ট করি, সেটাই তো নৃত্য। এ জন্য নিজেকে আগে ভালোবাসতে হবে।’ তাঁর কথায় চারপাশে ভর করেছে খোশ মেজাজ। একনাগাড়ে বলে চলেছেন হিন্দিতে। আমরা এর কিছু বুঝি, কিছু বুঝি না। এ কারণে মাঝেমধ্যে আমাদের জন্য সেই কথাগুলো বাংলায় তরজমা করছেন শিবলী। লক্ষ করলাম, কখন যেন সোফা ছেড়ে মহারাজজির পায়ের কাছে এসে বসেছেন তিনি। সলজ্জ হেসে বলেন, ‘গুরুর সঙ্গে এক কাতারে বসার ক্ষেত্রে এখনো ঠিক অভ্যস্ত হতে পারিনি। আমরা তো গুরুমুখী শিক্ষায় শিক্ষিত, তাই এগুলো মান্য করি।’ ততক্ষণে লাটে উঠেছে সাক্ষাৎকারের প্রথাবদ্ধ গাম্ভীর্য। ওদিকে শিবলীও প্রশ্নকর্তার ভূমিকা থেকে অবসর নিয়েছেন যেন। সাক্ষাৎকার এখন আড্ডায় মোড় নিয়েছে। মহারাজজি বলে চলেছেন আপন খেয়ালে, ‘আমাদের পরিবারের নয় প্রজন্ম নাচের সঙ্গে যুক্ত। এর মধ্যে আমি সপ্তম প্রজন্ম। আমার বাবা লক্ষৌয়ের নবাব ওয়াজেদ আলীকে নাচ শিখিয়েছেন। রামপুরের নবাবের কাছে তিনি একটানা ২৫ বছর ছিলেন। আমাকে তিনি যে তালিম দিয়েছেন, সেই মতোই আমি ছেলেমেয়েদের শিখিয়েছি, যদিও মনে করি, আমি শিক্ষক নই, ভালো শিষ্যমাত্র। আমি এখনো শিখছি।’দুখহরণ নাথ—তাঁর এই নাম এখন বিরজু মহারাজ নামের আড়ালে ঢাকা পড়ে গেছে। হাসতে হাসতে জানান, ‘আমার সবকিছুই কেমন যেন আগে আগে ঘটেছে। বাবা মারা গেছেন পাঁচ বছর বয়সে। নয় বছর বয়সে চলচ্চিত্রে নাচ করেছি। বিয়ে করেছি আঠারোতে। এমনকি প্রথমবারের মতো ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে আমি যখন পদ্মভূষণ উপাধি লাভ করি, তখন আমার বয়স ছিল মাত্র ৪৬। বয়সের বিচারে এটা আর এমন কী!’মুখাবয়বে হাসির রেখা। হাসি থামিয়ে মহারাজজি এবার নাচের মুদ্রা দেখাতে ব্যস্ত। কখনো দেখাচ্ছেন যুবক কৃষ্ণের রূপ, কখনো বা চোখ দুটো গোল করে বালক কৃষ্ণের কপট অভিমান ফুটিয়ে তুলছেন তাঁর নাচের মুদ্রায়। এর মধ্যে হঠাৎ আমুদে গলায় গান ধরলেন, ‘আন মিলো সাজনা, সাজনারে...।‘মহারাজজি খুব ভালো ঠুমরি গাইতে পারেন। আশা ভোঁসলে তাঁর গানের দারুণ ভক্ত! আর মাধুরী দীক্ষিত বলেন, পৃথিবীতে তাঁর ভক্তের সংখ্যা অনেক, কিন্তু তিনি নিজে গুরুজির অন্ধ ভক্ত।’ ইত্যবসরে শিবলী যখন আমাদের জানিয়ে দিলেন খবরটি, তখন বোধ হয় খানিকটা লজ্জাই পেলেন গুরু। সেই রেশ কণ্ঠে রেখেই বললেন, ‘আমিও মাধুরীর নাচের ভক্ত, দুর্দান্ত নাচে মেয়েটি।’কথায় কথায় উঠে এল বলিউডের ঝিলিমিলি ভুবন ও সত্যজিৎ রায়ের প্রসঙ্গ। সত্যজিতের ছবিতেই তো তাঁর নৃত্য পরিচালনা শুরু। ‘সত্যজিৎ অনেক বড় মাপের পরিচালক’ বলতে বলতে মধুবালা, মিনা কুমারী থেকে শুরু করে কমল হাসান, সঞ্জয় লীলা বানসালি—কত কিছুই না বলে চললেন দেবদাস চলচ্চিত্রের এই নৃত্য পরিচালক। কথা যেন আর ফুরোয় না...।এসেছিলাম সাক্ষাৎকারে শিবলী মহম্মদকে জোগাল দেব বলে, কিন্তু যে আড্ডায় বিরজু মহারাজ নিজেই প্রশ্নকর্তা ও উত্তরদাতা, সেখানে তো সবার শ্রোতা হয়েই আনন্দ।