বিরতি নিলেন ন্যান্সি
মায়ের মৃত্যুর পর প্রায় সব ধরনের কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এ বছরের শুরুর দিকে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে নেত্রকোনায় মায়ের বাড়িতেই ছিলেন ন্যান্সি। মা-বাবা, ভাই ও একমাত্র সন্তান রোদেলাকে নিয়ে ভালোই যাচ্ছিল সবকিছু। কিন্তু মায়ের আকস্মিক মৃত্যু ন্যান্সির সবকিছু উলটপালট করে দিয়েছে বলেই জানিয়েছেন তিনি।ন্যান্সি বলেন, ‘২০ ডিসেম্বর সকালে ঢাকায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে আম্মা আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। মায়ের মৃত্যুতে নববর্ষের কয়েকটি শো-সহ সামনের মাসের বেশ কটি বাণিজ্যিক অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের প্লে-ব্যাক ও অডিও অ্যালবামের গানের রেকর্ডিং থেকে দূরে থাকছি। বাণিজ্যিক শো-সহ অন্য কাজগুলো বাতিলের সিদ্ধান্তে সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ ন্যান্সি আরও বলেন, ‘মায়ের মৃত্যুর পর রোদেলাকে নিয়ে এখন চিন্তাটা বেড়েই গেল। জন্মের পর থেকেই সে আমার মায়ের কাছেই ছিল। আমার মাকে রোদেলা মা বলেই ডাকত। হঠাত্ মায়ের চলে যাওয়াতে সে একেবারে সঙ্গীহীন হয়ে গেল। তাই সিদ্ধান্ত নিয়েছি, রোদেলার অবস্থা স্বাভাবিক হলেই আবার গানে নিয়মিত হব।’উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ন্যান্সির সর্বশেষ একক গানের অ্যালবাম ‘রঙ’ প্রকাশিত হয়। অ্যালবামের বেশ কটি গান শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।