বিরতির পর বাঁধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন। তবে নতুন করে নাটক, টেলিছবি কিংবা বিজ্ঞাপনচিত্রের কাজের জন্য শুটিংয়ে ফেরেননি বাঁধন। ২৬ মে দেশ টিভির ‘মুখ ও মুখরতা’ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত হওয়ার মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান বাঁধন। পরে ২৮ মে মাছরাঙা টেলিভিশনে তারকাদের যাপিত জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত সাক্ষাত্কারভিত্তিক ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানটিতেও অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি।দেড় বছর পর ক্যামেরার সামনের দাঁড়ানোর অনুভূতি জানাতে গিয়ে আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে বাঁধন বলেন, ‘আসলে মেয়েকে নিয়ে যখন ব্যস্ত থাকি, তখন আমার শুটিংয়ের সময়কার কোনো কিছুই মনে থাকে না। কীভাবে সময় কেটে যায়, টেরই পাই না। তা ছাড়া অনুষ্ঠান দুটি স্টুডিও-নির্ভর হওয়ায় খুব একটা সমস্যা হয়নি। ভালোই লেগেছে অনেক দিন পর এ ধরনের অনুষ্ঠানে অংশ নিয়ে।’নাটকের শুটিং ছাড়া বাঁধনের এখন সময় কাটছে মেয়ে মিশেল আমানী ও স্বামী মাশরুর হোসেনকে নিয়েই। মেয়ে ও পরিবারের নানা কাজ-কর্মের মধ্য দিয়ে সময় কেটে যাচ্ছে তাঁর। বাঁধন বলেন, ‘নাটকের কাজ না করলেও কিন্তু আমি এখন অনেক বেশি ব্যস্ত। আর এ ব্যস্ততা আমার মেয়ে ও সংসার নিয়েই। দেখতে দেখতে আমার মেয়ে মিশেল আট মাসে পা দিয়েছে। সবার দোয়ায় আল্লাহর রহমতে সে অনেক ভালো আছে।’নাটকে অভিনয়ের প্রসঙ্গে বাঁধন বলেন, ‘মাঝেমধ্যে দু-একজন নির্মাতার সঙ্গে আলাপ হয়। কিন্তু এ মুহূর্তে আমার সে রকম কোনো চিন্তা-ভাবনা নেই। মেয়েটার বয়স এক বছর পার হোক, তারপর না হয় ভাবা যাবে।’উল্লেখ্য, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর ঘরোয়া একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যবসায়ী মাশরুর হোসেনকে বিয়ে করেন বাঁধন। পরের বছরের ৬ অক্টোবর কন্যাসন্তানের মা হন তিনি।বাঁধন অভিনীত সর্বশেষ নাটক দুটি হচ্ছে আরিফ খানের পরিচালনায় ‘চাঁদ ফুল অমাবস্যা’ এবং মাহফুজ আহমেদের পরিচালনায় ‘চৈতা পাগল’।